কক্সবাজারে শিক্ষার আলো পাচ্ছে সাড়ে তিন হাজার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলার সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে এসেছে দেশি-বিদেশিকয়েকটি সংস্থা। এই এলাকার তিন হাজার ৫৩৬ শিশু এবার প্রাক-প্রাথমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ পাবে। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, সেভ দ্য চিলড্রেন ও ইউএস-এআইডির অর্থায়নে এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
কোডেকের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে ৬০টি, টেকনাফের পাঁচ ইউনিয়নে ৩৯টি, কক্সবাজার সদর উপজেলার চার ইউনিয়নে ২৩টি কেন্দ্রসহ মোট ১২২টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে লেখাপড়া করছে তিন হাজার ৫৩৬টি শিশু। প্রতিটি বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীকে তিন ঘণ্টা করে পাঠদান করা হচ্ছে। পাঁচ বছরের কম বয়সী এসব শিশু এখানে লেখাপড়া শিখে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি হচ্ছে।
সদর ইউনিয়নের গুদারবিল গ্রামের চাষি সৈয়দ নুর (৪৩) বলেন, আগে তাঁর দুই ছেলে তাঁর সঙ্গে পানের বরজে কাজ করত। এখন দুই ছেলেই কোডেকের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করছে।
কোডেকের জেলা সমন্বয়কারী মো. শওকত আলী বলেন, প্রতিটি বিদ্যালয় বা কেন্দ্রে প্রতি ৩০ জন শিশুর জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব বিদ্যালয়ে শিশুদের সৃজনশীলভাবে আনন্দদায়ক পরিবেশে পড়ানো হয়। এ ছাড়া শিশুদের নিয়মিত কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ ক্যাপসুল ও আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়। পাশাপাশি স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয় নিয়মিতভাবে।
উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, এ কর্মসূচির ফলে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা মেধার বিকাশ ঘটিয়ে বিদ্যালয়মুখী হচ্ছে।