কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এবার সম্মাননা পাচ্ছেন পাঁচ গুণীজন। গত ২৪ মার্চ বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান কমিটির সভায় সংগীত, চারুকলা, নাট্যকলা, লোকসংস্কৃতি ও যাত্রাশিল্পে বিশেষ অবদানের জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে পাঁচ গুণীজনকে মনোনীত করা হয়।
মনোনীত ব্যক্তিরা হলেন কণ্ঠসংগীতে রামুর প্রবীর বড়ুয়া, চারুকলায় উখিয়ার ফয়েজুল আজিম, নাট্যকলায় কক্সবাজার শহরের স্বপন ভট্টাচার্য, লোকসংস্কৃতিতে শহরের কামরুল হাসান ও যাত্রাশিল্পে কুতুবদিয়ার সিরাজুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল জানান, ১৬ এপ্রিল কক্সবাজার পাবলিক হল মাঠে আনুষ্ঠানিকভাবে পাঁচ গুণীজনের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে। গত বছরও শিল্পকলার উদ্যোগে পাঁচ গুণীকে পদক দেওয়া হয়েছে।