১২ ডিসেম্বর উদ্বোধন, চলছে ব্যাপক প্রস্তুতি
কক্সবাজারে শুরু হচ্ছে এশিয়া মহিলা কাপ ফুটবল প্রতিযোগিতা
কক্সবাজার স্টেডিয়ামে এশিয়া মহিলা কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ১২ ডিসেম্বর। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটানসহ এশিয়ার আটটি দেশ এতে অংশ নিচ্ছে। কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠেয় আন্তর্জাতিক মানের এ খেলা এবং এর উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে স্টেডিয়ামের সংস্কার, আশপাশের সড়ক মেরামত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্টেডিয়াম এলাকাকে মনোরমভাবে সাজানো হয়েছে। শহরজুড়ে আলোকসজ্জার পাশাপাশি নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। উদ্বোধনী দিনে জমকালো অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের নিয়ে মহড়া। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোপা সেন জানান, আন্তর্জাতিক এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিন শতাধিক শিক্ষার্থী মনোমুগ্ধকর ডিসপ্লে (প্রদর্শনী) ও নাচগান পরিবেশন করবে। এর মধ্যে থাকবে কক্সবাজারের আঞ্চলিক গানও। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। ইতিমধ্যে খেলার মাঠ ও গ্যালারির সংস্কারকাজ শেষ হয়েছে। দেখা গেছে, স্টেডিয়ামের মহড়ায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয়, আমেনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, পৌর প্রিপ্যারেটরি উচ্চবিদ্যালয়, কক্সবাজার মডেল উচ্চবিদ্যালয়, রামুর জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী প্রদর্শনীর বিভিন্ন বিষয়ে মহড়ায় অংশ নিচ্ছে। কাজ শেখার জন্য শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করছে। জগতজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের সহকারী পরিচালক অনুমিতা বড়ুয়া বলেন, ‘আন্তর্জাতিকমানের একটি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবে জেনে শিক্ষার্থীরা খুব খুশি। এতে তারা বেশ উৎসাহ বোধ করছে।’ জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক আবছার উদ্দিন বলেন, ‘এশিয়া মহিলা কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি প্রায় শেষ। ইতিমধ্যে খেলার মাঠ, গ্যালারি, মূল ভবনসহ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছাড়াও বিদেশি খেলোয়াড়দের আসা-যাওয়া, থাকা ও নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক অনুপ বড়ুয়া বলেন, ‘এ আয়োজনের সঙ্গে কক্সবাজার জেলাবাসীর সম্মান জড়িত। আমরা সফল হলে ভবিষ্যতে আরও বড় আসর আয়োজনের সুযোগ পাব। তাই এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন।’