কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সাহিত্য প্রতিযোগিতা। ২২ সেপ্টেম্বর সকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন। কক্সবাজার সাহিত্য একাডেমির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গবেষক নুরুল আজিজ চৌধুরী, কবি দিলওয়ার চৌধুরী, রুহুল কাদের, শামীম আকতার, কল্লোল দে প্রমুখ।
কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘খ’ গ্রুপে ৮০ জন শিক্ষার্থী স্বরচিত ছড়া ও কবিতা লেখা এবং আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, আদর্শ ও মানবিক গুণসম্পন্ন মানুষ সৃষ্টিতে সৃজনশীল প্রতিভার বিকল্প নেই। শিশু-কিশোরদের অন্তরের সেই সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে।
কবি দিলওয়ার চৌধুরী বলেন, নানা কারণে দেশের তরুণসমাজ বিপথগামী হচ্ছে। সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের সেই পথ থেকে ফেরাতে হবে। -