কক্সবাজারে সমুদ্রের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকদের সবচেয়ে পছন্দের গন্তব্য কক্সবাজার। আর পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে না এলে ভ্রমণের আনন্দও পরিপূর্ণ হয় না l প্রথম আলো
পর্যটকদের সবচেয়ে পছন্দের গন্তব্য কক্সবাজার। আর পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে না এলে ভ্রমণের আনন্দও পরিপূর্ণ হয় না l প্রথম আলো

হিমছড়ির পাহাড়চূড়া, ইনানীর পাথুরে সৈকত, রামুর বৌদ্ধ স্থাপত্য কিংবা বঙ্গবন্ধু সাফারি পার্ক—এ সবই কক্সবাজারের চেনা আকর্ষণ। তবু চেনা কক্সবাজারকে প্রতিবারই নতুন মনে হয় পর্যটকদের কাছে। কারণ, বিনোদনের নিত্যনতুন আয়োজন প্রতিবছরই নতুন মণিমুক্তা যোগ করছে পর্যটন নগরীর ভান্ডারে। তা ছাড়া নীল ঢেউয়ের মাথায় সাদা ফেনা কখনো পুরোনো হয় কি? তাই টানা ছুটি মানেই কক্সবাজারে মানুষের ঢল।

নারকেলগাছ–শোভিত সাদা বালু ও নীল জলবেষ্টিত অবকাশ কুটিরের ছবি ক্যালেন্ডারের পাতায় কে না দেখেছে? কিন্তু কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্ট কিংবা রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে গেলে এখন ছবির সেই দৃশ্য বাস্তবেই দেখা যাবে।

আগে ভাবা হতো, সার্ফিং বা প্যারাগ্লাইডিং বিদেশের সৈকতেই কেবল দেখা মেলে। তবে এখন সেসব জলক্রীড়া কক্সবাজারেও শুরু হয়েছে। পাশাপাশি গত কয়েক বছরে চালু হয়েছে বেশ কিছু পাঁচ তারকা মানের বিনোদনকেন্দ্র, হোটেল ও রিসোর্ট। আধুনিক সব সুযোগ-সুবিধাসংবলিত এই সব হোটেল-রিসোর্টও পর্যটকদের কাছে টানছে।

কক্সবাজার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রেজু নদী। নদীর পাশে উঁচু পাহাড়। কাছাকাছি সৈকতের হাতছানি। সমুদ্র আর পাহাড়ের মাঝখানে এখানে দেখা মিলবে দৃষ্টিনন্দন এক খণ্ড সবুজ জমিন। যেখানে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ কচ্ছপের ভাস্কর্য। আছে মাটি আর শণের ছাউনিযুক্ত তারকা মানের একাধিক কুটির। তাজা সামুদ্রিক মাছ, ফরমালিনমুক্ত ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে আছে নানা বিনোদনের ব্যবস্থা। প্যাঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টে এলে এসব কিছুর দেখা পাবেন পর্যটকেরা।

এই রিসোর্ট থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে ইনানীর পাথুরে সৈকত। সৈকতে রাত যাপনের জন্য রয়েছে ১০-১২টি হোটেল–মোটেল–কটেজ।

শহর থেকে বাস, অটোরিকশা, টমটম কিংবা মাইক্রোতে চড়ে ইনানীতে যাওয়া যায়। ইনানী সমুদ্রসৈকতের পাশে প্রায় ১৪ একর এলাকাজুড়ে পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের অবস্থান। দেশের বৃহত্তম এই অবকাশকেন্দ্রে ৪৯৩টি বিভিন্ন আকৃতির কক্ষ, স্যুট, সার্ভিস অ্যাপার্টমেন্ট, রেস্তোরাঁ, আন্তর্জাতিক মানের বার, কফি শপ, জিমনেশিয়াম, দুটি বড় সুইমিং পুল, থাই স্পাসহ নানা ধরনের খেলাধুলা, থ্রিডি সিনেমা ও ওয়াটার পার্ক রয়েছে। যাঁরা সৈকত–শহরে এসে নির্জনতার পাশাপাশি আধুনিক সুবিধা খোঁজেন, তাঁদের জন্য এই রিসোর্ট আদর্শ জায়গা।

কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে হিমছড়ির অবস্থান। সেখানে পাহাড়–ঝরনার অপরূপ দৃশ্য দেখতে যাওয়ার পথে পড়বে ‘দরিয়া
নগর’খ্যাত আরেক পর্যটনপল্লি। এই পল্লিতে আছে প্রায় এক কিলোমিটার লম্বা একটি প্রাকৃতিক সুড়ঙ্গ। পাহাড়চূড়ায় আছে কবিটং নামের একাধিক বিশ্রামাগার। পল্লিতে রাত যাপনের জন্য আছে আধুনিক বাংলো ও কটেজ।

দরিয়ানগরের সামনের সৈকতে প্যারাগ্লাইডিং, অর্থাৎ প্যারাশুটের মাধ্যমে আকাশে ভেসে বেড়ানোর আয়োজন আছে। ইচ্ছে করলে ১০-১৫ মিনিটের জন্য আকাশে ভেসে সাগরের নীল জল দেখে আসা যায়। আকাশ থেকে বঙ্গোপসাগর আর পাহাড় দেখার মজাই আলাদা।

সমুদ্রের আসল স্বাদ নিতে হলে যেতে হবে শহরের লাবনী পয়েন্টে। সৈকতের নরম বালুচরে সকাল-বিকেল খালি পায়ে দৌড়ঝাঁপ সমুদ্রস্নান ভ্রমণকে সার্থক করে তুলবে।

হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন টেকনাফ সীমান্ত পর্যন্ত। টেকনাফ মডেল থানার ভেতরে আছে সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্য আর মগ জমিদারকন্যা মাথিনের ঐতিহাসিক প্রেমের নিদর্শন ‘মাথিন কূপ’।

কূপের কয়েক কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন সমুদ্রসৈকত, মিয়ানমার সীমান্তের নাফ নদী, জালিয়ার দ্বীপ ও নেটং পাহাড়।

কক্সবাজার শহর থেকে ১৮ কিলোমিটার দূরে পাহাড়চূড়ায় স্থাপন করা হয়েছে দেশের সর্ববৃহৎ ১০০ ফুট লম্বা গৌতম বুদ্ধ সিংহশয্যা মূর্তি। আছে একাধিক শতবর্ষী বৌদ্ধবিহার, জাদি ও কিয়াং। আকাশের অবস্থা ভালো থাকলে নৌপথে ঘুরে আসতে পারেন মহেশখালী। এখানকার মৈনাক পর্বতচূড়ায় রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের আদিনাথ মন্দির। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ডুলাহাজারা সাফারি পার্ক। বন বিভাগের ৯০০ হেক্টর জমির ওপর প্রতিষ্ঠিত এই পার্কে আছে বাঘ, সিংহ, ভালুক, হাতি, কুমিরসহ নানা পশুপাখি।