কক্সবাজারে সৃজন সংগীত ভুবনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
কক্সবাজারে গান, নৃত্য ও কথামালায় উদ্যাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সৃজন সংগীত ভুবনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে আয়োজন করা হয় অনুষ্ঠানমালা। শুরুতে কথামালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কণ্ঠশিল্পী প্রিয়া দত্ত।
বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আয়াছ মাবুদ, রামু সমস্বর নাট্য কেন্দ্রের সভাপতি সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।
প্রিয়া দত্ত বলেন, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর শিশু-কিশোর শিক্ষার্থীদের নিয়ে সৃজন সংগীত ভুবনের যাত্রা শুরু। বর্তমানে এই সংগঠনের সদস্যসংখ্যা ৪৮ জন। নাচ-গানের পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন বিভাগ চালু করা হবে।
অনুষ্ঠানের শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। কথামালা শেষে সাংস্কৃতিকপর্বে নৃত্য ও গান পরিবেশন করে শিমলা সিকদার, হিরক তালুকদার, অর্পিতা দত্ত, হেমা বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, অদিতি বড়ুয়া, ইপ্সিতা ধর, জিকু কান্তি শীল, অদিতি চৌধুরী, অন্তি বিশ্বাস, পিতু ধর, ঐশী বিশ্বাস, নিশান ধর প্রমুখ।