মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কক্সবাজার জেলায় সেরা হয়েছেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগম।
২১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান তাঁর হাতে স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন। এর আগে ২০১২ সাল থেকে টানা চারবার উপজেলা ও জেলার শ্রেষ্ঠ পরিবারকল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন তিনি।
এ ছাড়া পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবদানের জন্য মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ ও পরিবারকল্যাণ পরিদর্শিকা তছলিমা খানমকে সনদ দেওয়া হয়।
‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের জন্য সুরক্ষা’ এ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান। বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আমির হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।