কক্সবাজারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলে পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো) ভাঙা বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণের দাবিতে গত ২৯ জুন বেলা ১১টায় শহরের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে ১২টি বেসরকারি সংগঠন।
সমাবেশে বক্তব্য দেন কোস্ট ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক মকবুল আহমেদ, মুক্তির নির্বাহী পরিচালক বিমল চন্দ্র দে, পালসের নির্বাহী প্রধান সাইফুল ইসলাম চৌধুরী, গণস্বাস্থ্যের ব্যবস্থাপক জোনাব আলী, এসএআরপিভির সমন্বয়কারী আবিদুর রহমান, রিকের ব্যবস্থাপক সালামত উল্লাহ, বাস্তবের ব্যবস্থাপক বিজন চন্দ্র মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সমপ্রতি মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন উপকূলে পাউবোর ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৬০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। বসতবাড়ি, ধানের জমি, মৎস্য খামার ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় লোকজন। বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিন দুর্ভোগের এই চিত্র তুলে ধরা হলেও সংশ্লিষ্ট বিভাগের এ ব্যাপারে কোনো তৎপরতা নেই।
তাঁরা আরও বলেন, ৬০ ও ৭০ দশকে নির্মিত পাউবো ভাঙা বেড়িবাঁধ নির্মাণে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম-দুর্নীতির কারণে বেড়িবাঁধ স্থায়ী হচ্ছে না। তাই ভবিষ্যতে পাউবোর বেড়িবাঁধ নির্মাণে সেনাবাহিনীকে সম্পৃক্ত করতে হবে। না-হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।