কক্সবাজারে ১১ স্থানে পর্যটক ধরার ফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন মৌসুমকে সামনে রেখে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের নানা প্রলোভনে নিম্নমানের হোটেলে তুলে দেওয়ার ফাঁদ বসিয়েছে দালাল চক্র। শুধু তা–ই নয়, অনেক সময় পর্যটকদের হোটেলের কথা বলে তাঁদের আস্তানায় নিয়ে গিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন কক্সবাজার হোটেল মালিক সমিতির নেতারাও। তাঁরা পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, পর্যটন মৌসুম শুরু হওয়ায় ডিসেম্বর থেকে কক্সবাজারে পর্যটকেরা ভ্রমণে আসছেন। ১৬ ডিসেম্বরের পর থেকে টানা তিন মাস এখানে পর্যটকের ঢল নামবে। কিন্তু পর্যটকেরা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে (কক্সবাজারে) দালালের খপ্পরে পড়ছেন। দালালেরা ৫০০ টাকার কক্ষ দ্বিগুণ হারে হাতিয়ে নিচ্ছে পর্যটকদের কাছ থেকে। অসাধু কিছু হোটেলমালিক মিয়ানমারের রোহিঙ্গা ও রিকশাওয়ালা দালালদের কমিশনে পর্যটক ধরতে মাঠে নামিয়ে দিয়েছেন। দালাল চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন বহু পর্যটক।
অনুসন্ধানে জানা গেছে, বাস টার্মিনাল, শহরের হলিডে মোড়, লাবণী, সুগন্ধা ও কলাতলীতে সক্রিয় রয়েছে ৪০ জনের বেশি দালাল। এর মধ্যে আয়ুব ওরফে বার্মাইয়া আয়ুব, সোনাইয়্যা, বাইট্টা কালু, শাহ আলম, লাইট হাউস এলাকার আমিন, বার্মাইয়া টুটুল, বরিশালের পলাশ, মো. হাসেম, সেলিম, বাইট্টা সুলতান, লম্বা কালু, আলমগীর, জাকির, গিয়াস উদ্দিন, মনিয়া, সোহেল, বার্মাইয়া রশিদ, ইসমাইল, মান্নান ও ফরিদ চক্রের তৎপরতা বেশি। এঁদের নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে রয়েছে মৌসুমি রিকশা ও টমটম (ব্যাটারিচালিত ইজিবাহক) চালক।
স্থানীয় লোকজন জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা বাসযাত্রীরা সকালে শহরে নামার পর এসব মৌসুমি চালকদের সামনে পড়ে। তঁারা নানা প্রলোভনে যাত্রীদের (পর্যটকদের) কম দামে হোটেল কক্ষ পাইয়ে দেওয়ার কথা বলে নিয়ে যান দালালদের নির্ধারিত হোটেল ও গেস্টহাউসে।
কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক আহমদ বলেন, সৈকতসহ হোটেল মোটেল জোন এলাকায় রিকশা, টমটমচালক ও দালালেরা পর্যটকের পিছু নেন এবং ভুল পথ দেখিয়ে দিয়ে পর্যটকের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে কক্সবাজারের সুনাম নষ্ট হচ্ছে। তার পরও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, গত ২০ অক্টোবর অনুষ্ঠিত সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী পর্যটক হয়রানির দায়ে দালাল আয়ুবসহ ২০ জনের একটি তালিকা পুলিশকে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, দালালদের ধরার চেষ্টা চলছে।