কক্সবাজারে ১২ বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ১৪ এপ্রিল। এই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালীতে গিয়ে স্থানীয় সংখ্যালঘুসহ নিরীহ বাঙালিদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করে। কয়েক দিনের মধ্যে তারা ১০ জায়গায় হানা দিয়ে নির্মমভাবে হত্যা করে আলী মিয়া, আবু রশিদ, আবুল কালাম, ধীরেন্দ্র লাল দে, বৌদ্ধভিক্ষু ওতেছিন্দ মহাথের, ক্যে ছা মং, মংছিনসহ ৮৮ ব্যক্তিকে। অন্যদিকে কক্সবাজার ও টেকনাফের দুটি বধ্যভূমিতে হত্যা করা হয় অসংখ্য বাঙালি নারী-পুরুষ। স্বাধীনতার ৪২ বছর পরও এসব বধ্যভূমির একটিতেও কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ কিংবা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। এসব বধ্যভূমির অধিকাংশ জমি ইতিমধ্যে বেদখলে চলে গেছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা বলেন, বধ্যভূমিগুলো এ সময়ে সংরক্ষণ করা না হলে যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদেরা ইতিহাস থেকে হারিয়ে যাবেন। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি দিলীপ দাশ জানান, মহেশখালীর আদিনাথ পাহাড়ের মইগ্যারঘোনা, মহন্তঘোনা ও মোতঘোনায় হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ওই সব বধ্যভূমি ইতিমধ্যে বেদখল হয়ে গেছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলার বিভিন্ন স্থানের বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২০১০ সালের জুলাই মাসে মহেশখালী, টেকনাফসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ১২টি বধ্যভূমির তালিকা করা হয়। কিন্তু এর পর এ ব্যাপারে আর কোনো অগ্রগতি হয়নি।সূত্র জানায়, মহেশখালীর বধ্যভূমি চিহ্নিত ও শহীদদের তালিকা তৈরির জন্য ২০১০ সালে বধ্যভূমি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি মহেশখালীর ছয়টি ইউনিয়নের বিভিন্ন দুর্গম গ্রামে ১০টি বধ্যভূমি চিহ্নিত করে। কমিটির আহ্বায়ক ছিলেন মহেশখালী উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)। কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ বলেন, ‘ওই সময় আমরা বড়মহেশখালী, দেবেঙ্গাপাড়া, মুন্সিরডেইল, পুঁইছড়ি, কালারমার বাজার, ঠাকুরতলা, গোরকঘাটা, হিন্দুপাড়া, পালপাড়া ও কায়স্থপাড়ায় ১০টি বধ্যভূমি চিহ্নিত ও ৮৮ জন শহীদের তালিকা তৈরি করি। কিন্তু এ পর্যন্ত বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।’স্মৃতিচারণা করে হোয়ানক গ্রামের বিমল দে (৬৫) বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে আমরা পরিবারের সবাই গহিন পাহাড়ে আশ্রয় নিই। একদিন বাবা যোগেশ চন্দ্র দে আমাদের জন্য খাবার আনতে বাড়ির দিকে রওনা দেন। পথে স্থানীয় রাজাকাররা বাবাকে ধরে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেয়। তারা বাবাকে গুলি করে। খবর পেয়ে আমার ভাই হিমাংশু দে ছুটে গেলে তাঁকেও গুলি করা হয়। দুজনের লাশই পুঁইছড়ি পাহাড়ে নিক্ষেপ করা হয়। রাতে বন্য পশুরা লাশের বিভিন্ন অংশ খেয়ে ফেলে। পরে স্থানীয় সাহেব মিয়া চৌধুরী লাশ দুটো পুঁইছড়ি বধ্যভূমিতে পুঁতে ফেলেন।’ এদিকে কক্সবাজার সদর ও টেকনাফের বধ্যভূমিও পড়ে আছে অযত্নে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রমজান আলী বাহাদুর জানান, একাত্তরের ১২ মে হানাদার বাহিনী কক্সবাজার শহরের সি-বিচ রেস্টহাউসে ঘাঁটি স্থাপন করে। সে সময় তারা স্থানীয় রাজাকার-আলবদর বাহিনীর সহযোগিতায় ওই রেস্টহাউসে নারীসহ নিরীহ লোকজনকে ধরে এনে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করত। এরপর লাশগুলো ছুড়ে ফেলত রেস্টহাউস-সংলগ্ন কূপে (বধ্যভূমিতে)।মুক্তিযোদ্ধা জহর লাল পাল চৌধুরী জানান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য হাসপাতালের পেছনে নাইটং পাহাড়ের পাদদেশে বধ্যভূমিতে জেলার বিভিন্ন এলাকা থেকে অনেক লোক ধরে নিয়ে হত্যা করা হয়। বধ্যভূমিটি সংরক্ষণ না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।