কক্সবাজারে ২৩১ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই
কক্সবাজারের আট উপজেলার ২৩১টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এ কারণে ওই সব গ্রামের শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকার কারণে শিশুরা বিভিন্ন শ্রমিকের কাজে জড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৪ এপ্রিল কক্সবাজার সফরে এসে বিদ্যালয়বিহীন এলাকাগুলোয় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়হীন ৮০ গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি তালিকাসহ প্রতিবেদন পাঠান।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৯৯২ গ্রামের মধ্যে ৭৬১টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও ২৩১ গ্রামে কোনো বিদ্যালয় নেই। এর মধ্যে চকরিয়ার ৪৬ গ্রাম, মহেশখালীতে ৪৪ গ্রাম, টেকনাফের ৩৫, কক্সবাজার সদরের ২৫, উখিয়ার ২৬, রামু ২৬, পেকুয়ার ১২ ও কুতুবদিয়ার ১১ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। জনসংখ্যা দুই হাজারের অধিক কিন্তু বিদ্যালয় নেই এমন গ্রামগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ৮০টি গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য একটি তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।জেলায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান আছে—৩৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ১৮৫, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৩৩, অনিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ৩৫, কিন্ডারগার্টেন ৬৬, তিনটি উচ্চবিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ৩৫ ও ১০৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। মাতারবাড়ি মিয়াজিরপাড়ার ব্যবসায়ী জি এম ছমি উদ্দিন বলেন, ‘আমার পাশের গ্রাম ফুলজান মোরায় কোনো বিদ্যালয় নেই। অথচ ওই গ্রামে প্রায় তিন হাজার লোকের বসবাস। বিদ্যালয় না থাকার কারণে শিশুরা সাগরে মাছ ধরার কাজে ব্যস্ত হয়ে পড়ে। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আবদুল খালেক চৌধুরী বলেন, এলাকায় শিক্ষার হার বাড়াতে হলে গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে। তিনি বলেন, ‘শাপলাপুর এলাকায় অন্তত আরও পাঁচটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজন।’পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বরত শামসুল আলম বলেন, প্রাথমিক পর্যায়ে তিনটি বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ‘এলাকায় বিদ্যালয়হীন ২২টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে তিনটি নতুন বিদ্যালয় হচ্ছে।’ এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, গত বছরের ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে বিদ্যালয়বিহীন এলাকাগুলোতে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পর্যায়ে বিদ্যালয়বিহীন ৮০ গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে জেলায় ১৬টি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হলেও বাকিগুলো পর্যায়ক্রমে স্থাপন করা হবে বলে তিনি জানান।