কক্সবাজারে ২৫ হাজার বিনিয়োগকারীর মাথায় হাত
‘অধিক লাভের আশায় ঘরের দুটি গরু বিক্রি করে ৫৫ হাজার টাকা বিনিয়োগ করেছিলাম ইউনিপেটুইউ নামের একটি বেসরকারি কোম্পানিতে। এখন আমার সব শেষ। ঠিকমতো দুই বেলা মুখে খাবার দিতে পারছি না। গরু বিক্রির পুরো টাকা নিয়ে পালিয়েছেন ওই কোম্পানির কর্মকর্তারা। আমরা যাঁদের মাধ্যমে টাকা বিনিয়োগ করেছি, তাঁরা এলাকার বাসিন্দা। তাঁদের খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের।’ গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের কুলসুমা খাতুন (৫৭) ক্ষোভের সঙ্গে এসব কথা তুলে ধরেন। ওই দিন বিনিয়োগের টাকা ফেরত পাওয়ার দাবিতে জেলার বিভিন্ন স্থানের কয়েক শ নারী-পুরুষ শহরে বিক্ষোভ-সমাবেশ করেন। এর আগে শুক্রবার বিকেলে একই দাবিতে কয়েক শ বিনিয়োগকারী শহরের লালদীঘির পাড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কুলসুমা খাতুনের মতো গত বৃহস্পতিবার সকালে শহরের লালদীঘির পাড়ে জড়ো হন উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালীসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা পাঁচ শতাধিক নারী-পুরুষ। তাঁরা সেখানে বিনিয়োগের শত কোটি টাকা ফেরত এবং এজেন্ট ও শেয়ারহোল্ডারদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেন। পরে সংবাদ সম্মেলন করে একই দাবির কথা তুলে ধরা হয়। ইউনিপেটুইউ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক সাঈদ হোছাইনের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, ঐক্যপরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য শফিকুল ইসলাম, মুসলেম উদ্দিন, আবদুছ ছাত্তার, আক্তার আহমদ, কবির সোহেল প্রমুখ।ঐক্য পরিষদের আহ্বায়ক সাঈদ হোছাইন বলেন, কক্সবাজারের চকরিয়ার দুই এজেন্ট ও উখিয়ার এক শেয়ারহোল্ডার জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫ হাজার মানুষের কাছ থেকে বিনিয়োগের ৩০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিপেটুইউ ২০১০ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় আট মাসে কক্সবাজার থেকে নিয়ে গেছে প্রায় ৩১০ কোটি টাকা। কক্সবাজারের এজেন্ট হিসেবে চকরিয়ার জাফর আলম, হামিদুল হক এবং শেয়ারহোল্ডার উখিয়ার আক্তার আহমদ কার্যালয় খুলে ওই টাকা গ্রহণ করেন। এখন কার্যালয়গুলো কয়েক মাস ধরে বন্ধ।সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, প্রতারণার মাধ্যমে কতিপয় ব্যক্তি এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।