বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরে ছোট বড় প্রায় ২৬ হাজার নৌযান (ট্রলার)। এর মধ্যে মাছ ধরার সরকারি নিবন্ধন সনদ রয়েছে মাত্র ১৮২টির এবং সাগরে চলাচলের অনুমতিপত্র আছে ২১৬টির। বাকি নৌযানগুলো কয়েক যুগ ধরে অবৈধভাবে মাছ ধরছে। এতে বছরে প্রায় দুই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।সূত্র জানায়, একটি ট্রলারের বিপরীতে এক বছর সাগরে মাছ ধরার নিবন্ধন সনদ নিতে ৭৫০ টাকা দিতে হয়। অথচ ট্রলারমালিক ও জেলেদের মধ্যে এ ব্যাপারে কোনো ধারণা নেই। মৎস্য বিভাগেরও নেই কোনো তৎপরতা। জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়াসহ কক্সবাজারের ১২০ কিলোমিটারের বেশি সমুদ্র উপকূলে মাছ ধরে প্রায় ২৬ হাজার ট্রলার। এর মধ্যে গত কয়েক বছরে জেলা মৎস্য বিভাগ থেকে ৭৫০ টাকা ফি দিয়ে মাছ ধরার নিবন্ধন সনদ নিয়েছে মাত্র ১৮২টি ট্রলার। আরও বিপুলসংখ্যক ট্রলার নিবন্ধনের আওতায় আনার জন্য প্রচারণা চালানো হচ্ছে। ট্রলারমালিক ও জেলেদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে। ৩০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সনদ না নিলে অভিযান চালিয়ে অবৈধ ট্রলার আটক করা হবে। শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা এলাকায় মৎস্য বিক্রয়কেন্দ্র ‘ফিসারিঘাটে’ দেখা যায়, গভীর সমুদ্র থেকে প্রতিদিন পাঁচ শতাধিক ট্রলারের ধরে আনা ইলিশ, কোরাল, রুপচাঁদা, মাইট্যাসহ নানা সামুদ্রিক মাছ বিক্রি করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, এসব ট্রলারের বেশির ভাগেরই মাছ ধরার নিবন্ধন সনদ যেমন নেই, তেমনি নেই সাগরে চলাচলের জন্য ট্রলার ও ইঞ্জিনের বিপরীতে নৌ-বাণিজ্য অধিদপ্তরের কোনো অনুমতিপত্র (লাইসেন্স)। মহেশখালীর গোরকঘাটার ট্রলারমালিক সৈয়দ কাদির (৪৭) জানান, ‘৩০ বছরের বেশি সময় ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি। এই প্রথম শুনলাম, সাগরে মাছ ধরতে সরকারের নিবন্ধন সনদ লাগে।’নুনিয়াছটার ট্রলারমালিক নুরুল ইসলাম (৪৩) জানান, ‘ফিসারিঘাটে প্রতিদিন প্রায় দেড় হাজার ট্রলার ভিড়ে। কিন্তু লাইসেন্স ও মাছ ধরার সনদের ব্যাপারে মৎস্য বিভাগ থেকে আমাদের কিছুই বলা হয় না।’ টেকনাফের নয়াপাড়ার ট্রলারমালিক আবদুল খালেক (৪৩) জানান, অনুমতিপত্র না থাকায় মিয়ানমার থেকে তাঁর একটি ট্রলার ফেরত আনতে পারছেন না। অনুমতিপত্র তৈরি করার মতো কোনো দপ্তরও কক্সবাজারে নেই। চট্টগ্রাম নৌ-বাণিজ্য অধিদপ্তরে গিয়ে একটি অনুমতিপত্র করাতে পাঁচ হাজার টাকার বিপরীতে ৫০-৬০ হাজার টাকা দাবি করা হয়। ফলে অনুমতিপত্র আর করা হয় না। কক্সবাজার জেলা বোটমালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, সমিতির আওতাভুক্ত রয়েছে প্রায় আট হাজার ট্রলার। এর মধ্যে কয়েক শ ট্রলারের সাগরে চলাচলের অনুমতিপত্র রয়েছে। সিংগভাগ ট্রলারের অনুমতিপত্র না থাকা প্রসঙ্গে জানতে চাইলে মুজিবুর রহমান জানান, ট্রলারমালিকেরা অনুমতিপত্র নিতে প্রস্তুত। কিন্তু কক্সবাজারে অনুমতিপত্র দেওয়ার কেউ নেই। চট্টগ্রাম গিয়ে এ কাজটা করার মতো সময় অনেকের থাকে না। আবার সেখানে গেলে বাড়তি টাকা ও হয়রানির শিকার হতে হয়। মৎস্য কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম নৌ-বাণিজ্য অধিদপ্তর সাগরে চলাচলের জন্য ট্রলার ও ইঞ্জিনের বিপরীতে অনুমতিপত্র দেয়। এ পর্যন্ত কক্সবাজারে ২১৬টি ট্রলার সাগরে চলাচলের (নৌ-বাণিজ্য দপ্তরের) অনুমতিপত্র নিয়েছে। আমরা (মৎস্য বিভাগ) সেই ট্রলারে মাছ ধরার নিবন্ধন সনদ দিই। অনুমতিপত্র দেওয়ার জন্য কক্সবাজারে নৌ-বাণিজ্য অধিদপ্তরের একটি শাখা খোলা হলেও লোকবল না থাকায় প্রায় সময় এটি বন্ধ থাকে। ফলে নানা সমস্যা দেখা দিচ্ছে।