কক্সবাজারে ৩০০ অবৈধ করাতকল
কক্সবাজারের বিভিন্ন স্থানে ৩০০ অবৈধ করাতকলে দিন-রাত সমানে চিরাই হচ্ছে বনাঞ্চলের গাছ। প্রভাবশালী কিছু ব্যবসায়ী শ্রমিকদের দিয়ে বনাঞ্চলের গাছ কেটে করাতকলে চিরাই করছে এবং তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। স্থানীয় লোকজন বলেন, অবৈধ করাতকলগুলোর জন্য বনাঞ্চলের গাছ রক্ষা করা যাচ্ছে না। গত রোববার দুপুরে সদর উপজেলার পিএমখালী গ্রামের ওবায়েদ সমিলে গিয়ে দেখা গেছে, বনাঞ্চল থেকে কেটে আনা গাছ চিরাই হচ্ছে। মাঠে পড়ে রয়েছে অসংখ্য চোরাই গাছ। মোক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হালিম চৌধুরী বলেন, করাতকলটি স্থাপনের পর থেকে বনাঞ্চল উজাড় হচ্ছেই পাশাপাশি ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানর কোনো গাছও রক্ষা করা যাচ্ছে না। গত কয়েক দিনে এই বিদ্যালয়ের সড়কের পাশের ৫০টি বড় গাছের মধ্যে পাঁচটি কেটে নিয়ে গেছে। মিঠাছড়ি, পিএমখালী এলাকার গাছও রক্ষা করা যাচ্ছে না। করাতকলের মালিক ও স্থানীয় পশ্চিম মোক্তারকুল গ্রামের ওবায়েদুর রহমান বলেন, এই করাতকলে গাছ চিরাই হচ্ছে ঠিক, কিন্তু গাছের মালিক তিনি না। পার্শবর্তী বাংলাবাজার, ঈদগাঁও, খুটাখালী, খরুলিয়া গ্রামেও অন্তত ২০টি করাতকলে গাছ চিরাই হতে দেখা গেছে। এসব করাতকলের বিপরীতে কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেনি কেউ। গত শনিবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে থাইংখালী, পূর্ব রহমতের বিল, তাজনিমার খোলা গ্রামে দেখা গেছে অবৈধ চারটি করাতকলে গাছ চিরাই হচ্ছে। উপজেলার কুতুপালং একটি, ফলিয়াপাড়ায় দুটি, হাজিরপাড়ায় দুটি, টাইপালং গ্রামে একটি, পিনজিরকুল একটি, হিজলিয়ায় দুটি, জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি একটি, কোটবাজার একটি, মাতবরপাড়ায় দুটি ও মরিচ্যায় দুটিসহ ১৯টি করাতকলেও একই দৃশ্য দেখা গেছে। পালংখালীর একটি করাতকলের ম্যানেজার আলী আহমদ (৪৫) বলেন, চার বছর ধরে এই সমিলে বনাঞ্চলের গাছ চিরাই হচ্ছে, এ পর্যন্ত কেউ বাধা দেয়নি। রাতের বেলায় লোকজন জিপ বা পিকআপ বোঝাই করে গাছ নিয়ে আসে। করাতকলে চিরাই করার পর সেই কাঠ বিভিন্ন স্থানে সরবরাহ হয়। উখিয়া বনরেঞ্জ কর্মকর্তা বশির আল মামুন বলেন, সংঘবদ্ধ কাঠচোরেরা সামাজিক বনায়ন প্রকল্পের গাছ কেটে করাতকলে সরবরাহ করছে। বাধা দিলে কাঠচোররা বন-কর্মীদের ওপর হামলা চালায়। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষক পরিষদ সভাপতি দীপক শর্মা বলেন, সম্প্রতি তারা অনুসন্ধান চালিয়ে জেলার আটটি উপজেলায় ৩৭২টি করাতকল পেয়েছেন। এরমধ্যে ৭২টির বিপরীতে বন বিভাগের লাইসেন্স রয়েছে। অবশিষ্ট ৩০০ করাতকল অবৈধ। কক্সবাজার (দক্ষিণ) বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ বলেন, ‘কক্সবাজার, চকরিয়া ও টেকনাফ পৌরসভা এলাকার কলাতকলগুলোর বৈধ অনুমতি রয়েছে। বাকি সব করাতকল অবৈধ। বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করলেও কিছুদিন পর তা আবার স্থাপন করা হয়। লোকবল-সংকটের কারণে সবসময় অভিযান চালানো সম্ভব হচ্ছে না।’