কক্সবাজারে ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
দীর্ঘদিন ধরে কক্সবাজারে ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৬৫টি। শিক্ষক-সংকটের কারণে এসব প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার আটটি উপজেলায় অনেক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ কারণে জোড়াতালি দিয়ে চলছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। তার পরও প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলার ৩৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক দিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। আর সহকারী শিক্ষক দুই হাজার ৪২৩টি পদের মধ্যে খালি আছে ১৬৫টি। জেলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরে ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আর চারজন শিক্ষক দিয়ে চলছে নয়টি বিদ্যালয়। এ ছাড়া ৬৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আর রামুতে ৫৫টির মধ্যে ১১টি, চকরিয়ায় ৭৭টি মধ্যে ১০টি, কুতুবদিয়ায় ৩২টির মধ্যে তিনটিতে, পেকুয়ায় ২৭টির মধ্যে তিনটি, মহেশখালীতে ৪৭টির মধ্যে আটটি, উখিয়ায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১টি এবং টেকনাফে ৩৪টি বিদ্যালয়ের মধ্যে দুটিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রধান খুঁটি হলো ওই স্কুলের প্রধান শিক্ষক। ওই খুঁটিটা না থাকাতে এখানকার প্রাথমিক শিক্ষার মান পড়ে যাচ্ছে।’ মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রথম আলোকে বলেন, ‘এ এলাকায় ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আটটি বিদ্যালয়ে অনেক দিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হলেও আমাদের পক্ষ থেকে আপাতত কিছুই করা সম্ভব হচ্ছে না। জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।’ এ প্রসঙ্গে কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দায়িত্বরত তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককের পদ শূন্য রয়েছে। শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।