গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে কক্সবাজারের আটটি উপজেলায় প্রায় ১০ কোটি টাকার লবণ নষ্ট হয়ে গেছে। উৎপাদন বন্ধ হয়ে গেছে ৫০ হাজার একর জমিতে। ফলে ৬০ হাজার প্রান্তিক চাষি বেকায়দায় পড়েছেন। এই দুই দিনে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্র জানায়।সদর উপজেলার ভারুয়াখালীর চাষি মনির উল্লাহ (৫৬) জানান, বৃষ্টিতে সাত একর জমির উৎপাদিত কয়েক লাখ টাকার লবণ গলে যায়। বৃষ্টির পানিতে লবণমাঠ ডুবে যাওয়ায় আগামী সাত দিন লবণ উৎপাদন বন্ধ থাকবে।খুরুশকুলের লবণচাষি দিল মোহাম্মদ (৪৫), টেকনাফের হ্নিলার চাষি মন্জুর আলম (৫৩) জানান, অসময়ের এই বৃষ্টি ধান চাষের জন্য উপকার হলেও লবণচাষিদের বারোটা বাজিয়েছে।টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের চাষি আবদুল আমিন (৪৬) বলেন, ‘প্রতি একর জমি ২৫ হাজার টাকায় বর্গা নিয়ে তিনি গত ডিসেম্বর মাস থেকে ১১ একর জমিতে লবণ চাষ করছেন। জানুয়ারি মাসের অর্ধেক সময় ঘন কুয়াশা আর এখন বৃষ্টির কারণে লবণ উৎপাদন ব্যাহত হলো। এখন দাদনের টাকা শোধ কীভাবে করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’কক্সবাজার লবণচাষি ঐক্য পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, ‘বৃষ্টিতে জেলার মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, কক্সবাজার সদর, পেকুয়া, চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০ কোটি টাকার লবণ নষ্ট হয়েছে। বৃষ্টির পানিতে নিমজ্জিত হওয়ায় অন্তত ৫০ হাজার একর জমির উৎপাদন আগামী সাত দিন বন্ধ থাকবে। এতে প্রায় ৬০ হাজার প্রান্তিক চাষি আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।’টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, সরকার চলতি মৌসুমে লবণের বিক্রয়মূল্য নির্ধারণ করে দেওয়ায় চাষিরা উৎসাহিত হয়ে দাদনের টাকায় চাষে নামেন। কিন্তু প্রকৃতি তাঁদের হতাশ করছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না, তা নিয়েও আশঙ্কা দেখা দিচ্ছে।বিসিক কক্সবাজারের লবণ উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ওয়ালী উল্লাহ জানান, দুই দিনের বৃষ্টিতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়নি। সব মিলিয়ে বৃষ্টির কারণে এক সপ্তাহে এক থেকে দেড় লাখ মেট্রিক টন লবণ কম উৎপাদিত হবে। তবে গত ১ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৌসুমের প্রায় তিন মাসে জেলায় লবণ উৎপাদিত হয়েছে তিন লাখ ৬৭ হাজার ৪০ মেট্রিক টন। আগামী মে মাস পর্যন্ত পুরো মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এ বছর দেশে লবণের জাতীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৩৫ হাজার মেট্রিক টন।বিসিক সূত্র জানায়, বর্তমানে জেলার ৫৭ হাজার একর জমিতে চাষাবাদে ৬০ হাজার প্রান্তিক চাষিসহ পাঁচ লাখ মানুষ লবণ উৎপাদন, বিপণন ও শিল্পের সঙ্গে জড়িত।