কক্সবাজার জেলায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে বলে দাবি করেছে ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক-কক্সবাজার’ নামে একটি বেসরকারি সংস্থা। ১০ নভেম্বর সকালে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জানানো হয়, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার আটটি উপজেলায় ৯১২ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৫৩ জন নারী কক্সবাজারের বিভিন্ন নারী সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিয়েছেন। বক্তব্য দেন সংস্থার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী।
প্রযুক্তি অপব্যবহার করে নানাভাবে নারীদের যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটছে। সঙ্গে আছে বাল্যবিবাহের ঘটনাও।
ফজলুল কাদের জানান, এসব তথ্য সংগ্রহ করেছেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নারী সহায়তা কেন্দ্র, থানাভিত্তিক ভিকটিম সাপোর্ট সেন্টার ও আইন সহায়তা কেন্দ্র থেকে।
নারী নির্যাতনের এই হার বিদ্যমান পরিসংখ্যান থেকে অনেক বেশি দাবি করে ফজলুল কাদের চৌধুরী বলেন, যৌন নির্যাতনের প্রতিটি ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চাইতে থানা-পুলিশের দ্বারস্থ হন না। ফলে প্রকৃত চিত্র উঠে আসে না। প্রশাসনের গাফিলতি ও প্রভাবশালীদের কারণে অভিযুক্তরা পার পেয়ে যায় বলেও অনেকে অভিযোগ করতে আগ্রহ হারিয়ে ফেলেন। অনেক সময় লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারীরা নির্যাতনের বিষয়টি গোপন করেন। নারী নির্যাতনের যে হার, তার মাত্র ১০ শতাংশ প্রকাশ পায়।
ফজলুল কাদের চৌধুরী জানান, সংগঠনের পক্ষ থেকে পাড়া–মহল্লায় যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন ও নারীর ওপর নির্যাতন না করতে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম আহ্বায়ক প্রিয়তোষ পাল, সদস্য জুলফিকার আলী, জসিম উদ্দিন সিদ্দিকী, ইমাম খায়ের, শাহেনা আক্তার, মনজুমুন নাহার, মইন উদ্দিন প্রমুখ।