কক্সবাজারে ‘কৃষ্ণলীলা’ নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংস, অসুরদের অত্যাচারে পৃথিবী নিমজ্জিত। আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে তাদের পাপের কু-কীর্তি। এমন পরিস্থিতিতে স্বয়ং ঈশ্বরের আগমন ঘটে অবতাররূপে। কংসসহ সব অসুর বিনাশ করার সিদ্ধান্ত নিয়ে দেববাণী এলো ‘কংসের ভগ্নি দেবকির অষ্টম গর্ভের পুত্র কর্তৃক কংসবধ হবে।’ বাণী শুনে কংস বন্দী করেন নিজ বোন দেবকি ও ভগ্নিপতি বসুদেবকে। অত্যাচারী কংস পরপর ছয়টি সন্তান হত্যা করলেও অলৌকিক কারণে অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণকে হত্যা করতে পারেননি। ভক্তের আগের পুণ্যের কামনা পূরণ করতে কৃষ্ণ হলেন যশোমতি ও নন্দের পুত্র। ঈশ্বরের সব অবতারের শ্রেষ্ঠ অবতাররূপে আবির্ভূত হলেন কৃষ্ণ। পূতনা রাক্ষসী, তৃণাবৃত্ত, বকাসুর ও অঘাসুরকে হত্যা করে ঈশ্বরের রূপ ধারণ করেন কৃষ্ণ। কিন্তু সময়ের পরিবর্তনে কৃষ্ণ বুঝতে পারেন তাঁর পৃথিবীতে আসার আসল কারণ। তাই তিনি দুষ্টের বিনাশ ও সাধুদের পরিত্রাণ দিতে বিচ্ছেদ ঘটান রাধার প্রেম, যশোদার আদরসহ সবার মায়া। বলরামকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কংসসহ সব অসুরকে হত্যা করেন, রক্ষা করেন সাধুদের, পৃথিবীকে পরিণত করেন শান্তি ও ধর্মের স্থান হিসেবে। কৃষ্ণ-জীবনের এমন রোমাঞ্চকর কাহিনি নিয়ে রচিত নাটক কৃষ্ণলীলা। ২ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের ঘোনাপাড়ার শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। বিপুলসংখ্যক ভক্ত অনুরাগীর মনজয় করে নাটকটি। পরের দিন সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে পুনরায় মঞ্চস্থ হয় নাটকটি। নাটকে কংস ও যশোদার চরিত্রে অভিনয় করেন বিশ্বজিত পাল। রাধা ও কৃষ্ণের চরিত্রে সুন্দর অভিনয় করেন যথাক্রমে কনিকা চৌধুরী ও রানা ভট্টাচার্য। এ ছাড়াও সূত্রধরের চরিত্রে অনামিকা দত্ত, ছোটবেলার কৃষ্ণ চরিত্রে দেবলীনা মজুমদার, ছেলেবেলার কৃষ্ণ তুলিদাশ ও বলরাম, সুবল, বসুদেব ও নন্দ চরিত্রে অভিনয় করেন যথাক্রমে সুভাষ ধর, সুজয় কান্তি পাল, রতন দাশ, সুজন কান্তি দে ও সোমা দাশ।নাট্যকার ও নির্দেশক দীপক শর্মা বলেন, ‘শ্রীকৃষ্ণ-জীবনের সামান্য কথা নিয়ে নাটক কৃষ্ণলীলা। জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ নেতারা আন্তরিক সহযোগিতা করেছেন বলে নাটকটি মঞ্চায়ন সম্ভব হয়েছে। নাটকটির মাধ্যমে আমাদের ভঙ্গুর সমাজে প্রেমসুধা বিতরণের কথাই বলার চেষ্টা করা হয়েছে।’ নাটকের প্রযোজনা অধিকর্তা রতন দাশ জানান, নাটকটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। মানুষের ভুলভ্রান্তি দূর করতে এবং কৃষ্ণ সম্পর্কে সনাতন ধর্মাবলম্বীদের বেশি করে সচেতন করে তুলতে নাটকটি বিভিন্ন স্থানে প্রদর্শনের প্রস্তুতি চলছে।