কক্সবাজারে ‘টু ইডিয়টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম সংগঠন কক্সবাজার থিয়েটার ২৭ মার্চ সন্ধ্যায় শহরের সাংস্কৃতিককেন্দ্রে মঞ্চায়ন করে নাটক টু ইডিয়টস। ৫০তম বিশ্ব নাট্য দিবস উপলক্ষে নাটকটি প্রদর্শন করা হয়।‘তিতির মৌ’ একটি সুখী দ্বীপ। এখানে একার সুখ বলে কোনো দর্শন নেই। দ্বীপের সবাই সমানভাবে ভাগ করে নিতে চায় একে অপরের হাসি-কান্না, সুখ-দুঃখ। নীলাচল, রতন, ফাগু, শ্যাম, জ্ঞানদার মতো অনেকে লাঙলের ফলা দিয়ে রচনা করে সবুজ শস্যের কাব্য। উত্তাল সমুদ্রের ঢেউ ভেঙে মনোহরের মতো দ্বীপের অনেক সাহসী মানুষ জালে তোলে রুপালি মৎস্য। অকালে ভাই হারিয়ে, স্বজন হারিয়ে যে অলকার ভেঙে পড়ার কথা, সেও সবার সঙ্গে মিশে নিপুণ হাতে সাজায় ‘তিতির মৌ’ কে। হঠাৎ, এই দ্বীপে ভর করে দুই দুষ্ট মানব শক্তি। একজন ভণ্ড রাজনীতিবিদ, অন্যজন পুলিশের অবসরপ্রাপ্ত বড় কর্তা। তাঁরা দ্বীপের সহজ-সরল মানুষের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব ছড়িয়ে দিয়ে দ্বীপের মানুষের মনে রোপণ করে সর্বনাশের বীজ। ধ্বংস করে দিতে চায় তাদের ঐক্য ও সম্প্রতি। কিন্তু দ্বীপবাসী সেই চক্রান্ত বুঝতে পেরে জ্ঞানদার নেতৃত্বে রুখে দাঁড়ায়। কৌশলে বিতাড়িত করে দুষ্ট লোকদের। রাহুমুক্ত হয় ‘তিতির মৌ’।এবার প্রত্যয় জাগে দ্বীপবাসীর মনে। সিদ্ধান্ত নেন ‘আমরা যেমন আছি তেমন থাকব। এর মাঝে কেউ দরদি সেজে এলে সম্মিলিতভাবে রুখে দেব তাকে।’রুশ গল্পকার সালতিকভ শেচদ্রিননের গল্প অবলম্বনে মূল নাটকটি রচনা করেছেন চন্দন সেন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তাপস রক্ষিত, আবুল মনজুর, আবু দাউদ চৌধুরী, সুশান্ত পাল, দেবাশীষ দাশ, তাপস বড়ুয়া, বদরুল আলম, গিয়াস উদ্দিন, ইসমত আরা, আজাদ মনসুর, রুনা আক্তার প্রমুখ। এর আগে সাংস্কৃতিককেন্দ্রে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী ও পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য দেন, অ্যাডভোকেট আবুল কালাম আযাদ, ইকবাল মোহাম্মদ শামশুল হুদা, তাপস রক্ষিত, অ্যাডভোকেট আবু হায়দার ওসমানী, স্বপন ভট্টাচার্য, মোহাম্মদ নজিবুল ইসলাম, জাহেদ সরওয়ার, সত্যপ্রিয় চৌধুরী প্রমুখ। এ ছাড়া ৫০তম বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দিনব্যাপী নাট্যকর্মী সমাবেশ, মতবিনিময়সভা ও শোভাযাত্রা বের করা হয়।