কক্সবাজারে ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে নিজের অজান্তে বিদ্রোহী হয়ে ওঠেন স্ত্রী। রাজাকার স্বামীকে নিজের হাতে গুলি করতে তাঁর হাত কাঁপেনি। রাজাকার নিধন করে সেই বিদ্রোহী নারী যোগ দেন মুক্তিযুদ্ধে। গত ২৮ মার্চ কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে মঞ্চস্থ হলো একজন নারীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠার কাহিনি নিয়ে নাটক দাম দিয়ে কিনেছি বাংলা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কক্সবাজার সিটি কলেজের ছাত্রছাত্রীরা। ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক কলেজ পর্যায়ের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক প্রযোজনার আয়োজন করা হয়। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪টি কলেজকে নাটক তৈরির জন্য নির্বাচন করা হয়। কক্সবাজার জেলায় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয় সিটি কলেজকে।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনোয়ারা বেগম, তাসমিন জাহান, কুলসুম আক্তার, পপি রানী সাহা, তাওহিদুল হাসান, রিপন পাল, ফরহাদ মোহাম্মদ, সায়েদ হোসাইন, মোহাম্মদ সোহাইর, বিবেক পাল, জে কে আরমান, সোহানুর রহমান, সাইফুল ইসলাম, সাদেক উদ্দিন ও দ্বীন মো. সজীব।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যাপক আকতার চৌধুরী, মাহফুজা খাতুন ও শারমিন ছিদ্দিকা। নাটিকটির প্রযোজনা ও নির্দেশনায় ছিলেন নাট্যকার স্বপন ভট্টাচার্য।নাটক মঞ্চায়নের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরতে এই নাটক ভূমিকা রাখবে। এতে তারা সঠিক ইতিহাস জানতে পারবে।’