কক্সবাজারে ‘যখন বৃত্তের বাইরে’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মুসলমানীর গল্প’ অবলম্বনে নাটক যখন বৃত্তের বাইরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১৪ অক্টোবর সন্ধ্যায় মঞ্চস্থ হয়। দর্শকদের অনেকে বলেন, এই ঘুণে ধরা সমাজের অপসংস্কৃতি, ধর্মীয় কূপমণ্ডূকতা দূর করতে এ ধরনের নাটকের ভূমিকা অপরিসীম।নাটকের মূল চরিত্র কমলা হিন্দু যুবতী। তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয় দাদার বয়সী বিবাহিত হিন্দু জমিদারকে। নববধূ কমলাকে পালকিতে নিয়ে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়ে। সমাজের চোখে অস্পৃশ্য হয়ে যায় কমলা। নানা অপবাদে কোথাও তার ঠাঁই হচ্ছিল না। শেষে উদার মুসলিম জমিদার হবির খাঁ কমলাকে ডাকাতের কবল থেকে উদ্ধার করে আশ্রয় দিলেন নিজ বাড়িতে। কমলা হবির খাঁর আশ্রয়ে থেকে জীবনকে বুঝতে শিখে। তার কাছে ধর্ম তখন গৌণ বিষয় হয়ে দাঁড়ায়। হবির খাঁর ছেলে করিমকে ভালোবেসে কমলা নিজের ধর্ম অবলীলায় ত্যাগ করতে প্রস্তুত হয়। হয়তো এই ধর্ম ত্যাগই সমাজের প্রতি কমলার ঘৃণা বা বিদ্রোহের ঘোষণা। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার স্বপন ভট্টাচার্য। নাটকে কমলার চরিত্রে ইসমত আরা, জামাই চরিত্রে তাপস রক্ষিত, কাকামণির চরিত্রে তাপস বড়ুয়া, সরলার চরিত্রে সুচিত্র পাল, কাকিমার চরিত্রে রুনা আকতার, মদুমোল্লা অর্থাৎ ডাকাতের সর্দারের চরিত্রে আবু দাউদ চৌধুরী, গাজী চরিত্রে দেবাশীষ দাশ, কালু চরিত্রে গিয়াস উদ্দিন, পঞ্চবটি চরিত্রে বদরুল আলম, ব্রাহ্মণ চরিত্রে আশুতোষ রুদ্র এবং করিম চরিত্রে নাজমুল করিমের অভিনয় সবাইকে মুগ্ধ করে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সংগঠন কক্সবাজার থিয়েটারের যাত্রা শুরু ১৯৮৪ সালে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে গেঁথে সমাজ পরিবর্তনের অঙ্গীকারে শুরু হয় এ থিয়েটারের পথচলা। যখন বৃত্তের বাইরে তাদের ২২তম প্রযোজনা। নাটক শুরুর আগে সম্প্র্রতি অকালপ্রয়াত খেলাঘর আসরের সভাপতি তাহনুন বশির স্মরণে নাটকটি উৎসর্গ করা হয়।