রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মুসলমানীর গল্প’ অবলম্বনে নাটক যখন বৃত্তের বাইরে মঞ্চস্থ হয় ১৮ ফেব্রুয়ারি শনিবার রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে।ধর্মীয় কুসংস্কারের কারণে কমলা নামে একটি মেয়ের জীবনে যে করুণ পরিণতি নেমে আসে, তা এই নাটকে দেখানো হয়েছে। মানুষকে ধর্মীয় পরিচয়ে বিচার না করে চারিত্রিক বিচার-বিশ্লেষণ এবং পারিপার্শ্বিকতাকে গুরুত্ব দিয়ে বিচার করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই নাটকটিতে বারবার সে কথাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।নাটকের মূল চরিত্র কমলা একজন হিন্দু যুবতী। তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয় দাদার বয়সী বিবাহিত এক হিন্দু জমিদারকে। এরপর পালকিতে করে বউ সাজিয়ে কমলাকে নিয়ে যাওয়ার সময় ডাকাতের হানা। সমাজের চোখে অস্পৃশ্য হয়ে যায় কমলা। নানা অপবাদে কোথাও তার ঠাঁই হচ্ছিল না। শেষে উদার মুসলিম জমিদার হবির খাঁ কমলাকে ডাকাতের কবল থেকে উদ্ধার করে আশ্রয় দিলেন নিজের বাড়িতে।নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য। নাটকে কমলার চরিত্রে ইসমত আরা, জামাই চরিত্রে তাপস রক্ষিত, সরলা ও কাকিমার চরিত্রে সুচিত্র পাল ও রুনা আকতার, ডাকাতের চরিত্রে আবু দাউদ চৌধুরী এবং হবির খাঁর চরিত্রে আবুল মনজুর অভিনয় করেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সংগঠন কক্সবাজার থিয়েটারের এটি ২৩তম প্রযোজনা।