সৈকত পাড়ের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হয়ে গেল হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখের কাহিনি নিয়ে নাটক শিখণ্ডী কথা। ১৯ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার থিয়েটার মহান একুশ উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করে। শিখণ্ডী কথা নাটকটি মঞ্চায়ন করে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়। আনন জামান রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন রশীদ হারুন। হলভর্তি দর্শক মনভরে নাটকটি উপভোগ করেন। যাকে নিয়ে এই নাট্য কাহিনি, যার সুখ-দুঃখের কথা ফুল হয়ে ফুটে ওঠে নট-নটীদের অঙ্গে-উপাঙ্গে, শাখা-প্রশাখায়, যার বেদনা গীত হয়ে বাজে-সে এখন মায়ের গর্ভে ছোট্ট ভ্রুণ। এ ভ্রুণ জানে না কৈশোরে সে পরিবার থেকে বিতাড়িত হবে। যৌবনে তার কামনা-বাসনা পচবে, গলবে নিজের ভেতরে। এক ভয়ানক বেদনায় নিজেকে নিজে খুন করার জন্য উম্মাদ হয়ে উঠবে। জীবন যন্ত্রণায় দগ্ধ হয়ে এ ভ্রুণ একদিন ঈশ্বরের মুখোমুখি দাঁড়াবে। এ নাট্য কাহিনির ছোট্ট ভ্রুণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্ম নেয় হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। নাম রাখা হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে আংশিক নারী আংশিক পুরুষ। সে এবং তার মতো অন্য প্রতিবন্ধীদের সুখ-দুঃখ নিয়েই নাটক শিখণ্ডী কথা। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবুল কালাম আজাদ, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, নুসরাত জাহান, মীর জাহিদ হাসান, রাজনা তাসলিমা, সতীর্থ ভানু ও রাখাল সবুজ।নাটক শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, কপাল গুনে হিজড়ারা নানা অবহেলার মধ্য দিয়ে সমাজে বড় হয়। তাদেরও সমাজে বেঁচে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। তারাও যে এ সমাজের মানুষ নাটকে তারই প্রতিফলন ঘটেছে।