কক্সবাজারে ‘শ্রীকৃষ্ণ কৃপা’
শ্রীকৃষ্ণের জন্ম ও জীবনের নানা ঘটনা নিয়ে নাটক শ্রীকৃষ্ণ কৃপা; সম্প্রতি কক্সবাজার শহরের কৃষ্ণানন্দ ধাম মন্দিরে নাটকটি মঞ্চায়ন করা হয়। ১৫ দৃশ্যের আড়াই ঘণ্টার ধর্মীয় এই নাটক উপভোগ করেন সহস্রাধিক নারী-পুরুষ।নাট্যকার ও নির্দেশক দীপক শর্মা বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব একটি শিক্ষণীয় ঘটনা। সৎ ব্যক্তিদের পরিত্রাণ, দুষ্কৃতকারীদের বিনাশ, মঙ্গলময় জীবন আর ধর্ম প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। এই নাটক উপভোগের মাধ্যমে মানুষ ধর্মমতি হবে এবং সৎ পথে জীবন ধারণ করে শান্তি প্রতিষ্ঠায় মগ্ন হবে।নাটকে বালক কৃষ্ণ চরিত্রে অভিনয় করে ছয় বছরের শিশু দেবলিনা মজুমদার এবং কংস চরিত্রে অভিনয় করে বিশ্বজিৎ পাল দর্শকদের মন জয় করে নেন। নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী বলেন, মূল্যবোধের অবক্ষয় এবং অশুভ শক্তি থেকে মুক্ত হতে হলে মানুষকে ধর্মীয় চেতনায় জাগ্রত হতে হবে। প্রযোজনা অধিকর্তা রতন দাশ ও নাট্য কৌশলী বিপুল সেন বলেন, অশুভ মিডিয়া ও নোংরা সংস্কৃতি থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে শুদ্ধ এবং ধর্মীয় সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে, দেবলিনা মজুমদার, তুলি দাশ, সম্পূর্ণা ধর, বৃন্ধা পাল, অর্পা দাশ, প্রিয়ন্তি দাশ, অহনা মিত্র, সুভাষ ধর, সাগর দে, বিশ্বজিৎ পাল, সজল কান্তি দাশ, রতন দাশ, শিল্পী পাল, রেখা দাশ, দিলীপ দাশ, অনামিকা দে, পিংকি ধর, টিকলি মিত্র, রিপন পাল, অঞ্জন দে, শান্ত পাল, প্রদীপ দাশ, বাপ্পু সেন, শুভ মিত্র, অপু চৌধুরী প্রমুখ।সংগীত পরিচালনায় ছিলেন, শিপ্রা দাশ, মাহমুদ হাসান ও নন্দিতা সরকার। যন্ত্রসংগীতে সজল দে। পোশাক ও রূপসজ্জায় বিপুল সেন।