কক্সবাজারেও মাছে ফরমালিন
‘বাহারছড়া বাজার থেকে সম্প্রতি এক হাজার ৮০০ টাকায় চারটি ইলিশ কিনেছি। বাড়িতে গিয়ে একটি ইলিশ কেটে দেখি লোহার মতো শক্ত। ভেতরে একেবারে সাদা। কোনো রক্ত নেই। বিক্রির সময় মাছের কানে যে রক্ত দেখা গিয়েছিল, পানিতে ডোবানোর পর বোঝা গেল তা ছিল বিষাক্ত একধরনের লাল রং। সব ধরনের মাছের একই অবস্থা। ফরমালিন মেশানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর একে একে চারটি ইলিশই ফেলে দিতে হলো।’ সম্প্রতি কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সচ্চিদানন্দ পাল বাজার থেকে ফরমালিন মেশানো মাছ কেনার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কথাগুলো বলেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘মাছ কিনে যেখানে শিক্ষিত লোকজন প্রতারিত হচ্ছেন, সেখানে সাধারণ মানুষের কী অবস্থা হচ্ছে, তা তো সহজেই অনুমান করা যায়। অন্যদিকে, বিষাক্ত মাছের রমরমা বাণিজ্য প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি বা ত ৎ পরতা নেই।’ খুচরা বাজার থেকে মাছ কিনে প্রতারিত হওয়ার ঘটনা তুলে ধরে জেলা আইনজীবী সমিতির সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ জানান, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সতর্কসংকেত থাকার কারণে চলতি মাসের প্রথম ১০ দিন পাঁচ-ছয় হাজার ট্রলার মাছ ধরতে সাগরে নামতে পারেনি। এ কারণে মাছের সংকট চলছে। কিন্তু কিছু ব্যবসায়ী এই সংকটকে কাজে লাগিয়ে আগে মজুদ করা মাছে ফরমালিনসহ নানা বিষাক্ত রং মিশিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। এসব মাছ দেখতে তরতাজা। তাই ভোক্তারা চড়া দামে কিনে ঠকছেন।’গত রোববার সকালে শহরের নুনিয়াছটা ফিশারিঘাট মাছ বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কয়েকজন ব্যবসায়ী কিছু খাওয়ার অযোগ্য পচা জাটকা ইলিশ, গুইজ্জা (তিন কাঁটা মাছ) ও লইট্যা মাছ মেঝেতে ফেলে রেখেছেন। এই বাজারে আসা এক মাছ ব্যবসায়ী দেড় হাজার টাকায় সেখান থেকে বেশ কয়েক কেজি মাছ কিনে নেন। তারপর ওই মাছগুলো একটি বালতিতে রাখা পানিতে ডুবিয়ে এরপর আবার ঝুড়িতে ভরে নিয়ে যান।পচা মাছ কেন কিনছেন? এমন প্রশ্নের জবাবে ওই ব্যবসায়ী জানান, ‘মাছগুলো বাহারছড়া বাজারে নিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করব। বাজারে মাছের সংকট। তাই একটু রং-টং দিয়ে বিক্রির চেষ্টা করছি। বিক্রি হলে লাভ, না হলে কোনো ক্ষতি নেই। রোদে শুকিয়ে এই মাছ শুঁটকি করে ফেলব।’ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, বৈরী পরিবেশের কারণে ১৫ দিন ধরে প্রায় সাত হাজার ট্রলারের সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। তাই পুরো জেলায় মাছের তীব্র সংকট চলছে। এখন পুরোনো মাছে নানা বিষ ও ফরমালিন মিশিয়ে চড়া দামে বিক্রি চলছে। বিশেষ করে, মাছে এখন বেশি ব্যবহার হচ্ছে ‘বাসন্তি’ নামে চীন ও ভারতের তৈরি একধরনের রাসায়নিক দ্রব্য। নরম পচা মাছে এই রাসায়নিক দ্রব্য মেশালে মাছ দ্রুত শক্ত হয়ে যায়। রাসায়নিক দ্রব্যের রং লাল হওয়ায় মাছের কানও লালচে রং ধারণ করে। এতে মাছ তাজা দেখায়।অনুসন্ধানে জানা গেছে, শহরের নুনিয়াছটা, ফিশারিঘাট, বাঁকখালী নদীর ৬ নম্বর, মাঝির ঘাট, টেকনাফ, মহেশখালী, উখিয়া, চকরিয়া, রামুসহ বিভিন্ন হাট-বাজারে বিষ মিশিয়ে মাছ বিক্রি হচ্ছে।শহরের বড়বাজার, বাহারছড়া বাজার ঘুরে দেখা গেছে, ঝুড়িতে করে রং মেশানো লইট্যা, গুইজ্জা, টেংরা, বাটা, চিংড়ি, ছিটকিরিসহ নানা মাছ বিক্রি হচ্ছে। বিশেষ করে, নরম প্রজাতির মাছ লইট্যায় এই বিষ মেশানো হচ্ছে সবচেয়ে বেশি। অনেকে রাতের বেলায় প্রধান সড়কে ফেরি করে এবং বাসাবাড়িতে গিয়ে বিষ মেশানো লইট্যা, ইলিশসহ নানা মাছ বিক্রি করছেন। ফিশারিঘাট ম ৎ স্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের সমিতির বাইরে কতিপয় ব্যবসায়ী পচা মাছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে বাজারে সরবরাহ করেছেন। তাঁদের সতর্ক করার পরও মাছে বিষ মেশানোর খবর পাচ্ছি।’কক্সবাজার সদর উপজেলা ম ৎ স্য কর্মকর্তা ড. মইনুদ্দিন আহমদ বলেন, ‘ফরমালিনসহ নানা বিষাক্ত রং মিশিয়ে বাজারে মাছ বিক্রির খবর পাচ্ছি। কিন্তু সরেজমিনে কয়েক দফা অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়নি। সহসা এ ব্যাপারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।’কক্সবাজার সরকারি মহিলা কলেজের রাসায়ন বিভাগের শিক্ষক বিপ্লব কান্তি পাল জানান, ফরমালিন মেশানো মাছ তরতাজা দেখায়, কিন্তু এ মাছের আশপাশে কোনো মাছি থাকে না। এ মাছ কাটলে রক্ত দেখা যাবে না। মাছের গাল বা কানে রক্ত দেখানোর জন্য লাল বিষাক্ত রং ব্যবহার করা হয়। ফরমালিন মেশানো মাছ একাধারে চার-পাঁচ দিন ফেলে রাখলেও নরম হয় না। কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত জানান, ফরমালিনসহ যেকোনো ধরনের রাসায়নিক দ্রব্য মেশানো মাছ খেলে ক্যানসারসহ ক্ষতিকর নানা রোগে লোকজন আক্রান্ত হতে পারে। তাই এ ব্যাপারে সবার সতর্ক থাকা প্রয়োজন। ফরমালিনযুক্ত মাছ বিক্রি বন্ধ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘বাজারে ফরমালিনযুক্ত মাছ-মাংস, ফলমূল বিক্রির খবর পাচ্ছি, কিন্তু এর সত্যতা প্রমাণের জন্য কোনো যন্ত্র পাচ্ছি না। ফরমালিন পরীক্ষার ব্যবস্থা স্বয়ং ম ৎ স্য বিভাগেরও নেই।’