কক্সবাজারের উন্নয়নে শেখ হাসিনার প্রতিশ্রুতি
কক্সবাজার জেলার প্রায় ২৩ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষণা দিলেন। ৩ এপ্রিল মাত্র ছয় ঘণ্টার কক্সবাজার সফরে এসে তিনি বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহরটিকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব পর্যটনশহরে রূপান্তরের জন্য নানা পরিকল্পনার কথা ঘোষণা দেন। এতে জেলার মানুষ খুশি। তাঁরা এখন এসব পরিকল্পনার বাস্তবায়ন চান।জনগণের ২৪ দফা: পর্যটনশহর কক্সবাজারের সার্বিক উন্নয়নে জেলা আওয়ামী লীগের নেতারা জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জনগণের ২৪ দফা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—মহেশখালীর সোনাদিয়ায় দ্রুত গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠা, লবণ বোর্ড গঠন, আধুনিক প্রযুক্তিনির্ভর বেড়িবাঁধ নির্মাণ, উপকূলীয় মহাসড়কের (আনোয়ারা-বাঁশখালী-কক্সবাজার) দ্রুত বাস্তবায়ন, বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নয়ন, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, বহুতল গাড়ি পার্কিং, আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র (কনফারেন্স হল) ও রাষ্ট্রীয় অতিথি ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ সড়কের দ্রুত নির্মাণকাজ সমাপ্ত, বাঁকখালী নদী খনন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, নৌপুলিশ স্টেশন স্থাপন, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার সরকারি মহিলা কলেজে সম্মান কোর্স চালুসহ পূর্ণাঙ্গ স্নাতক কলেজে রূপান্তর, ৪০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন, শহরের বাইরে ট্রাক টার্মিনাল স্থাপন, আরেকটি বাইপাস সড়ক নির্মাণ, ঈদগাঁও ইউনিয়নকে উপজেলায় রূপান্তর, চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ককে পূর্ণাঙ্গ সাফারি পার্কে রূপান্তর, চকরিয়াকে কৃষি ও মৎস্যভিত্তিক শিল্পনগর ঘোষণা, টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে রূপান্তর, শাহপরীর দ্বীপ জেটি চালু, চিংড়িপোনা উৎপাদনের হ্যাচারিশিল্প লোকসানের কবল থেকে রক্ষা অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল জনসভার ভাষণে এসব দাবি দ্রুত পূরণের আশ্বাস দেন। শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কক্সবাজারের উন্নয়নে অনেক কিছু করেছে। ২০০৮ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে আরও অনেক কিছু করার পরিকল্পনা করছে। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের একটি পর্যটনশহর হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার সবই করা হবে। তিনি বলেন, লবণচাষিদের ভাগ্যোন্নয়নে সমপ্রতি লবণ নীতিমালা করা হয়েছে। ঝড়-জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনগণকে রক্ষার জন্য টেকসই বাঁধ ও পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার। নারীশিক্ষার উন্নয়নে কক্সবাজার সরকারি মহিলা কলেজে সম্মান কোর্স চালুসহ পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে উন্নীত করা হবে। আবাসনের জন্য আরেকটি ছাত্রীনিবাস নির্মাণ করে দেওয়া হবে। স্নাতক পর্যন্ত মেয়েদের লেখাপড়ার জন্য কোনো বাবা-মাকে পয়সা খরচ করতে হবে না। শেখ হাসিনা তাঁর ভাষণে কক্সবাজারবাসীর উল্লিখিত ২৪ দাবির প্রায় প্রতিটির কথা একে একে তুলে ধরে বলেন, রেললাইন সম্প্রসারণ হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। গভীর সমুদ্রবন্দর, আনোয়ারা-বাঁশখালী-কক্সবাজার উপকূলীয় সড়ক, বিদ্যুৎকেন্দ্র এলাকার মানুষের ভাগ্য বদলে দেবে। আশ্বাসের বাস্তবায়ন চাই: কক্সবাজার সরকারি মহিলা কলেজের একদল ছাত্রী দুপুর সাড়ে ১২টা থেকে জেলে পার্ক ময়দানে গিয়ে কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন। তাঁদের হাতে একাধিক ব্যানার। তাতে লেখা ‘কলেজে অনার্স কোর্স চালুসহ পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে রূপান্তর চাই’। বেলা আড়াইটার দিকে এখানে যোগ দেন কলেজের আরেক দল ছাত্রী। তাঁদেরও একই দাবি। শেখ হাসিনা যখন মঞ্চে উঠে বক্তৃতা শুরু করেন, তখন ছাত্রীরা অধীর আগ্রহে তাঁর মুখের দিকে তাকিয়ে ছিলেন। শেষে যখন ঘোষণা দিলেন, মহিলা কলেজে সম্মান কোর্স চালু করা হবে, থাকার জন্য একটি ছাত্রীনিবাস তৈরি করে দেওয়া হবে, তখন মেয়েদের মুখে খুশির বন্যা দেখা গেল।সম্মান কোর্স চালুসহ পূর্ণাঙ্গ একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবিতে এ কলেজে অধ্যয়নরত এক হাজারের বেশি ছাত্রী আন্দোলন করে আসছেন। কমিটির আহ্বায়ক কোহিনূর সিকদার বলেন, ‘বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন। এতে আমরা মহাখুশি। আমরা এখন দ্রুত বাস্তবায়ন চাই।’জনসভায় আসা সদর উপজেলার ইসলামপুর গ্রামের চাষি আমিরুল ইসলাম বলেন, ‘লবণচাষিদের জন্য প্রধানমন্ত্রী কী ঘোষণা দিচ্ছেন, তা শোনার জন্য এখানে ছুটে এসেছি।’কক্সবাজার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র চৌধুরী ফরহাদ কামাল বলেন, ‘সদর হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে (ভবনে) আমাদের তিন বছর কেটে গেল। আমরা এখন স্থায়ী ক্যাম্পাসে ফিরে যেতে চাই।’বিনিময়ে চারটি আসন উপহার: জনসভায় আসা মহেশখালী গোরকঘাটার ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উন্নয়নের জন্য এত কিছু করছেন, কত কিছু ঘোষণা দিচ্ছেন। কিন্তু আমরা কি তাঁকে চারটি আসন উপহার দিতে পারব?’তাঁর পাশে দাঁড়ানো একই এলাকার কলেজছাত্র মিজবাহ আহমদ বলেন, ‘সম্ভব হতো যদি আওয়ামী লীগের নেতারা ঠিক থাকতেন। দলকে কাজে লাগিয়ে আমাদের নেতারা আখের গোছান, নেত্রী কিংবা দলের জন্য কিছুই করেন না।’ রামু রশিদনগর থেকে আসা ব্যবসায়ী আবদুল গনি বলেন, চারটি আসন নেত্রীকে উপহার দেওয়া খুবই সহজ। কক্সবাজারের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে প্রস্তুত। কিন্তু নেতাদের কারণে তাঁরা অন্যপক্ষকে ভোট দিতে বাধ্য হন। দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন এবং যোগ্যপ্রার্থী মনোনয়ন দেওয়া হলে শেখ হাসিনাকে চারটি আসন উপহার দেওয়া কোনো ব্যাপার নয়। শেখ হাসিনার ভাষণের আগে জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন নেত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, করছেন। কিন্তু আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না।’পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা কক্সবাজারের জন্য এত কিছু করছেন, এবার আপনাদের চারটি আসন তাঁকে উপহার দিতে হবে।