কক্সবাজারের উন্নয়নে ১৪ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশহর কক্সবাজারের উন্নয়নে ১৪ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি পাঠিয়েছে স্থানীয় সমস্যা নিয়ে আন্দোলনকারী সংগঠন কক্সবাজার সোসাইটি। গত ২৯ মে সকাল ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়।
দাবির মধ্যে রয়েছে কক্সবাজারের পরিকল্পিত উন্নয়নে মহাপরিকল্পনা চূড়ান্তকরণ, পর্যটকদের নিরাপদ গোসলের জন্য সমুদ্রসৈকতে জাল বিছানো, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, কক্সবাজারকে পর্যটন রাজধানী ঘোষণা করে বিশেষ প্রকল্প নির্ধারণ, কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করা, সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন বস্তিতে বসবাসরত ভাসমান পরিবারের পুনর্বাসন, কক্সবাজার পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণ, কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন, মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, সেনাবাহিনীর মাধ্যমে বিমানবন্দরের নির্মাণকাজ তত্ত্বাবধান, শহর রক্ষাবাঁধ নির্মাণ এবং বাঁকখালী নদী খনন করে নৌযান চলাচল ও নাব্যতা ফিরিয়ে আনা।
কক্সবাজার সোসাইটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন বলেন, এই ১৪ দফা বাস্তবায়নের জন্য আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠিয়ে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে দাবি করেছি।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ১৪ দফা দাবি-সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।