কক্সবাজারের চার পৌরসভার নির্বাচন নিয়ে সংশয় এখনো!
কক্সবাজারের চার পৌরসভা—কক্সবাজার সদর, টেকনাফ, মহেশখালী ও চকরিয়ার নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি হবে কি না, এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন ভোটার ও প্রার্থীরা। ১৫ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে ওই চার পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। গত রোববার হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। তবে আইনি লড়াইয়ের কারণে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয়ে আছেন সবাই।জানা যায়, নির্বাচন স্থগিতাদেশের আগের তিন কার্যদিবসে এ চার পৌরসভায় মেয়র পদে ২৩ জন এবং কাউন্সিলর ও সংরক্ষিত পদে দেড় শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কেউ মনোনয়নপত্র জমাও দিতে পারেননি। রোহিঙ্গা ইস্যুতে পৌর নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ ভোটার, সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা হতাশ হন। ভাটা পড়ে নির্বাচনী উত্তাপে। কক্সবাজার পৌরসভার জাদিরাম পাহাড় এলাকার ভোটার কার্তিক দাশগুপ্ত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকের হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচন স্থগিতের আদেশ দেন এবং নির্বাচন কমিশনকে রোহিঙ্গা ভোটার প্রসঙ্গে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অন্যদিকে, ১৯ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে সরকার আপিল করে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। সরকারপক্ষের আইনজীবী জেসমিন সুলতানা জানান, আপিল বিভাগের আদেশের কারণে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই। চার পৌরসভায় নির্বাচন আবার শুরু হচ্ছে, এ খবর ছড়িয়ে পড়লে গত রোববার হাজার হাজার মানুষ উল্লাস করেন। অনেকে মিষ্টি বিতরণ করেন। একাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী আনন্দ মিছিল বের করেন। ১৯ ডিসেম্বর বিকেলে কক্সবাজার পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাশেদুল ইসলামের পক্ষে ভোটারেরা আনন্দ মিছিল বের করেন। মাইকে ঘোষণা দেওয়া হয় আপিল বিভাগে রিট করে রাশেদুল ইসলাম জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। প্রার্থী ও ভোটারেরা জানান, আগামী ১৮ জানুয়ারি নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন। কারণ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ও ২৩ ডিসেম্বর এবং ২ জানুয়ারি প্রত্যাহারের দিন। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ১৬-১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ ছিল। তাই অনেক প্রার্থী ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তাঁদের দাবি, আপিল বিভাগের আদেশ অনুযায়ী ১৮ জানুয়ারি নির্বাচন করতে গেলে নতুন তফসিল ঘোষণা করতে হবে। এ ব্যাপারে টেকনাফ পৌরসভার ভোটার সাইফুল ইসলাম (২৮), মহেশখালীর গোরকঘাটার সৈয়দুল করিম (৪৩) ও চকরিয়ার চিরিঙ্গার মো. ইবনে আমিন বলেন, ‘তিন পৌরসভার কোনো ভোটার নির্বাচন স্থগিত করার আবেদন করেননি। ভোটার তালিকায় রোহিঙ্গা রয়েছেন এমন অভিযোগও কেউ করেননি। রাজনৈতিক দল, মেয়র ও কাউন্সিলরেরাও নির্বাচন অনুষ্ঠানের পক্ষে।’ কক্সবাজার পৌরসভার মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম, আবদুল খালেক ও মুজিবুর রহমান বলেন, ‘এই ভোটার তালিকা দিয়ে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন হয়েছে। এই ভোটার তালিকা অবৈধ হলে নির্বাচিত সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানেরাও অবৈধ হয়ে যান।’ চকরিয়া ও মহেশখালী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাফর আলম ও মকসুদ মিয়া সিকদার জানান, তাঁদের পৌরসভার ভোটার তালিকায় রোহিঙ্গা নাই। কিন্তু একটি চক্র নির্বাচন বন্ধ করে ফায়দা লোটার চক্রান্ত চালায়। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মামলার বিষয়ে জানার জন্য বাদী কার্তিক দাশগুপ্তের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, হাইকোর্টের নির্দেশ মতে চার পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। এ কারণে মনোনয়নপত্র সরবরাহ ও জমা নেওয়ার কার্যক্রম বন্ধ ছিল। এখন আপিল বিভাগের নির্দেশের কপি নির্বাচন কমিশনের কাছে এলে নতুন করে তফসিল ঘোষণা করা হবে।