কক্সবাজারের টিভি নাটক চোরাবালি
কক্সবাজারের একঝাঁক তরুণ-তরুণী নিয়ে তৈরি নাটক চোরাবালি টিভি চ্যানেল এটিএন বাংলার ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধে’ অংশ নিয়ে দৃষ্টি কেড়েছে দর্শকদের। ১৪ নভেম্বর চ্যানেলটিতে প্রচারিত হয় নাটকটি। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের নিরাপত্তা ও সমুদ্র উপকূল দিয়ে মানব পাচারকে বিষয় করে নির্মিত হয়েছে জনসচেতনতামূলক এই নাটক।
রোদ্রির সঙ্গে মহসিনের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু মহসিনকে রোদ্রির মা-বাবার মোটেও পছন্দ নয়। তাঁদের সন্দেহ মহসিন অবৈধ কোনো কাজের সঙ্গে যুক্ত। একসময় মহসিন বিয়ের কথা বলে রোদ্রিকে নিয়ে আসে কক্সবাজারে। এরপর তাকে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রির চেষ্টা করে। বিষয়টি টের পায় রোদ্রি। প্রতারণা থেকে রক্ষা পেতে সেই রাতে রোদ্রি পালিয়ে অন্য হোটেলে আশ্রয় নেয়। প্রিয় মানুষটি এমন জঘন্য কাজে লিপ্ত থাকতে পারে বিশ্বাসই হচ্ছিল না। রোদ্রি অপমান আর আতঙ্কে সারা রাত ঘুমাতে পারে না। ভোরে সে আত্মহত্যা করতে ঝাঁপ দেয় উত্তাল সমুদ্রে। কক্সবাজারের ছেলে সীমান্ত রোদ্রিকে উদ্ধার করে। সীমান্ত তাকে মানসিক শক্তি জোগায়। ধীরে ধীরে স্বাভাবিক হয় রোদ্রি। মেয়েকে বাঁচানোর জন্য সীমান্তের প্রতি কৃতজ্ঞতার শেষ থাকে না রোদ্রির বাবা-মায়ের। এরপর রোদ্রিকে নিয়ে তাঁরা ফিরে যান ঢাকায়। কিন্তু ফেরার পর তার মা-বাবা আর যোগাযোগ করেন না সীমান্তের সঙ্গে। রোদ্রিও আর ফিরে আসেনি। চোরাবালির কাহিনি মোটামুটি এমনই।
নাটকটি রচনা করেন মো. শাহনেওয়াজ। পরিচালনা করেন কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক দীপক শর্মা। নাটকের রোদ্রি চরিত্রে তনিমা শারমিন ও সীমান্ত চরিত্রে সোহেল রানা অভিনয় করেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন শারমীন শওকত চৌধুরী, মো. মহিম, পূর্ণিমা বড়ুয়া, সুভাষ ধর, সামিরা নেওয়াজ, করবী পাল, শাশ্বতী বড়ুয়া, ইমরান জুয়েল ও শামীম আক্তার।
এটিএন বাংলার ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধ’ নামের নাটকের প্রতিযোগিতায় দেশের ৬৪টি জেলার সঙ্গে প্রতিযোগিতা করে নাটকটি এসএমএস রাউন্ডে পৌঁছেছে।