নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকায় নাম লেখাতে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। জেলার টেকনাফ, উখিয়া, সদরসহ বিভিন্ন উপজেলায় বর্তমানে অবৈধভাবে বসতি গড়ে আছে অন্তত পাঁচ লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গার ভোটার করতে কিছু জনপ্রতিনিধিই চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ ১৫ মে থেকে প্রথম ধাপে সারা দেশে ১৮২টি উপজেলায় হালনাগাদ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে ২৪ মে পর্যন্ত। প্রথম ধাপে কক্সবাজার জেলার তিনটি উপজেলা—টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় এই কার্যক্রম চলবে। দ্বিতীয় ধাপে (১৫ থেকে ২৪ জুন পর্যন্ত) সারা দেশে আরও ২১৯ উপজেলায় এবং শেষ ধাপে (১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত) অবশিষ্ট ১১৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদের ভোটার করা হবে। প্রতিবারের মতো এবারও তথ্য সংগ্রহকারীরা ঘরে ঘরে গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করবেন।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, হালনাগাদ ভোটার তালিকায় নাম তোলার জন্য রোহিঙ্গারা মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে মিয়ানমারের সীমান্ত উপজেলা টেকনাফে বহু রোহিঙ্গা জনপ্রতিনিধিদের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাঁয়তারা চালাচ্ছে।
টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড় ও জঙ্গলে বসতি গড়েছে অন্তত দুই লাখ রোহিঙ্গা। ভোটার হওয়ার জন্য বহু রোহিঙ্গা নারী-পুরুষ কৌশলে স্থানীয় বিভিন্ন লোকজনের বাসাবাড়িতেও আশ্রয় নিচ্ছে বলে খবর রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকা দরকার।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলার ভোটার তালিকা থেকে প্রায় এক লাখ রোহিঙ্গা ভোটার বাদ দেওয়া হয়েছিল।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার আইডি কার্ড তৈরির সময়ও রোহিঙ্গারা তালিকায় নাম তুলতে চেষ্টা চালিয়েছিল। এবারের হালনাগাদ ভোটার তালিকায়ও তাই হচ্ছে। স্থানীয় কিছু রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধি নিজেদের ভোট ব্যাংক বাড়াতে গোপনে রোহিঙ্গাদের ভোটার করার চক্রান্ত চালাচ্ছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে করা হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ১১ হাজার ৪০৯ জন। এর মধ্যে টেকনাফে এক লাখ ২৮ হাজার ১৬০, মহেশখালীতে এক লাখ ৯০ হাজার ৪৩৪ ও কুতুবদিয়ায় ৭৬ হাজার ৫৮৭ জন।
কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, রোহিঙ্গারা যেন হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশনের নানা দিকনির্দেশনা রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ভোটারের জন্য বিশেষ একটি ফরম ব্যবহার করা হবে। যেখানে ভোটার ইচ্ছুক ব্যক্তিকে স্থানীয় প্রমাণ করতে বাবা-দাদার আমলের ভিটেবাড়ি-জমিজমা দলিলসহ নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হবে। রোহিঙ্গাদের পক্ষে এটা করা সম্ভব হবে না।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই ভোটার করা যাবে না। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তুলতে কেউ সাহায্য-সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল হাসান ভুঁইয়া বলেন, তথ্য সংগ্রহকারীরা রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক আছে। রোহিঙ্গা চেনার উপায় সম্পর্কে তাঁদের প্রশিক্ষণে ধারণা দেওয়া হয়েছে।