স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ
কক্সবাজারের তিন সমস্যা রোহিঙ্গা মাদক আর ভূমিদস্যুতা
মিয়ানমারের অনুপ্রবেশকারী কয়েক লাখ রোহিঙ্গা, ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার, জমিজমা দখল-বেদখল নিয়ে ভূমিদস্যুতা—এই তিনটিই পর্যটন রাজধানী কক্সবাজারের প্রধান সমস্যা। এগুলোর যত দ্রুত সমাধান সম্ভব ততই মঙ্গল। আর না হলে কক্সবাজারের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ১০ নভেম্বর দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা এ কথা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় বক্তব্য দেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মমতাজ আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুহাম্মদ শাহজাহান, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. জয়নুল বারী, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিক মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, কক্সবাজার ১৭ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান, টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আরিফুল ইসলাম, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বক্তব্য দেন। সভায় রোহিঙ্গা প্রসঙ্গে বক্তারা বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা এখন মিয়ানমারের অনুপ্রবেশকারী কয়েক লাখ রোহিঙ্গা। এই রোহিঙ্গারা সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে বসতি স্থাপনের পাশাপাশি চুরি-ডাকাতি-খুনসহ নানা অপকর্মে জড়িত হচ্ছে। এদের ফেরত পাঠানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন। সভায় জানানো হয় ১৯৯১ সাল থেকে এই রোহিঙ্গার আগমন শুরু, এখনো বন্ধ হয়নি। বন-জঙ্গল দখল করে লাখ লাখ রোহিঙ্গার বসতির ফলে এই জেলার ২৩ লাখ মানুষের শান্তি হারিয়ে গেছে। ভোটব্যাংক রক্ষার জন্য কতিপয় জনপ্রতিনিধি রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এখন অবৈধ অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে স্থানীয় ব্যক্তিরা জিম্মি হয়ে পড়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে মিয়ানমারের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গ্রামে গ্রামে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’আরাকানে ইয়াবা তৈরির কারখানা সম্পর্কে বক্তারা বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যে নেশার বড়ি ইয়াবা তৈরির ছয়-সাতটি কারখানা রয়েছে। তাদের দেশে (মিয়ানমারে) ইয়াবা বিক্রি নিষিদ্ধ হলেও তারা ইয়াবা উৎপাদন করে বাংলাদেশে পাচারের সহযোগিতা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই মুহূর্তে ইয়াবা চোরাচালান প্রতিরোধ সম্ভব না হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন তিন দিনের সরকারি সফরে ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কক্সবাজার আসেন। ১১ নভেম্বর চকরিয়া এবং ১২ নভেম্বর পেকুয়ায় দলীয় জনসভায় বক্তৃতা শেষে তিনি ঢাকায় ফিরে যান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার তিন বছরে এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজার সফর।