কক্সবাজারের পাঁচ লাখ মানুষ পানিসংকটে
কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০ হাজার নলকূপের পানি পানের অযোগ্য হয়ে পড়েছে। বেশির ভাগ নলকূপের পানিই হয় নোনা, নয়তো আয়রনযুক্ত। ফলে জেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানীয়জলের তীব্র সংকটে ভুগছেন। শহরের দুই শতাধিক হোটেল মোটেল, দেড় হাজারের বেশি রেস্তোরাঁ, সরকারি-বেসরকারি কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানায়ও পানির তীব্র সংকট চলছে। বৃষ্টিপাত কম হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ-ছয় ফুট নিচে নেমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নলকূপের পানিতে লবণ ও আয়রন কক্সবাজার পৌরসভার এক-তৃতীয়াংশ এলাকার নলকূপে নোনা পানি উঠছে। বাকি এলাকার নলকূপের পানি আয়রনযুক্ত। প্রচণ্ড গরমে পাতকুয়ার (রিংওয়েল) পানিও শুকিয়ে যাচ্ছে। পৌরসভার লাইনেও পানি থাকে না। অনুসন্ধানে জানা গেছে, পৌরসভার প্রধান সড়কের উত্তর পাশে (বাঁকখালী নদীর তীরে) নুনিয়াছটা, বদরমোকাম, এন্ডারসন সড়ক, পেশকারপাড়া, টেকপাড়া, বড়বাজার, মগপাড়া, মাঝিরঘাট, ফুলবাগ, নুরপাড়া, বঙ্গবন্ধু সড়ক, কৃষি কার্যালয়, বার্মিজ মার্কেট, বার্মিজ স্কুল, বৌদ্ধমন্দির এলাকাসহ বিভিন্ন স্থানে ৯০ শতাংশ নলকূপের পানিই নোনা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুই-তিন লাখ টাকা খরচ করে গভীর নলকূপ বসিয়েও কাজ হচ্ছে না। অপরদিকে, প্রধান সড়কের দক্ষিণ পাশে বৈল্যাপাড়া, দক্ষিণ টেকপাড়া, বৌদ্ধমন্দির সড়ক, ঘোনারপাড়া, মহাজেরপাড়া, স্টেডিয়াম এলাকা, বিকে পাল সড়ক, গোলদীঘিরপাড়, হাসপাতাল সড়ক, বাহারছড়াসহ বিভিন্ন স্থানে ৬০ শতাংশ নলকূপের পানিও আয়রনযুক্ত হয়ে পড়েছে। এসব নলকূপ থেকে পানি তোলার কিছুক্ষণের মধ্যে লালচে রং ধারণ করে। শহরের ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, খাজামঞ্জিল, জেলা কারাগার, পাহাড়তলি, লারপাড়া, বাসটার্মিনাল এলাকার বিভিন্ন পাহাড়ে বসবাসরত প্রায় ৭০ হাজার মানুষও পানির সংকটে ভুগছেন। পাহাড়ের খাদ, চূড়া ও টিলায় স্থাপিত দুই শতাধিক পাতকুয়ায়ও (রিংওয়েল) পানি নেই। এসব এলাকার হাজার হাজার মানুষকে কয়েক কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। শহরের এন্ডারসন সড়কের বাসিন্দা সালামত উল্লাহ জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় তাঁর দুটি নলকূপ অকেজো হয়ে পড়েছে। সমপ্রতি একটি নলকূপ বসানো হলেও তাতে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছে না। বড়বাজার ও টেকপাড়ার বাসিন্দা আবদুল খালেক ও আমির হোসেন জানান, তাঁদের বসতবাড়ির নলকূপে নোনা পানি উঠছে। ওই পানি মুখে নেওয়া যাচ্ছে না। শহরের পেশকারপাড়ার আমেনা খাতুন জানান, সকাল আটটার দিকে পৌরসভা কর্তৃপক্ষ লাইনে পানি সরবরাহ দিলেও ১০-১৫ মিনিট পর পানি শেষ হয়ে যায়। ফলে কয়েক কিলোমিটার দূর থেকে প্রতিদিন পানীয়জল সংগ্রহ করতে হচ্ছে। সূত্র জানায়, পৌরসভায় খাবার পানি সরবরাহের লাইন রয়েছে প্রায় ১৫ কিলোমিটার। এসব লাইন থেকে পানি সরবরাহ পান এক হাজার ২২০টি পরিবার। যা পৌরসভার মোট চাহিদার মাত্র নয় শতাংশ। লাইনে পানি সরবরাহের জন্য পাম্প (গভীর নলকূপ) রয়েছে আটটি। এর মধ্যে গোলদীঘিরপাড়ে স্থাপিত পাম্পের পানি আয়রনযুক্ত হয়ে পড়ায় এক বছর ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বাকি সাতটি পাম্পের মধ্যে চারটি প্রায়ই বিকল হয়ে পড়ে। পাম্পগুলো স্থাপন করা হয় ১৫-২০ বছর আগে। পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মচারী মোহাম্মদ আবদুল্লাহ জানান, প্রতিদিন সকাল ছয়টা থেকে ১১টা পর্যন্ত পৌরসভার প্রধান সড়কের দক্ষিণ পাশে, সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উত্তর পাশে এবং ভোর চারটা থেকে কয়েক ঘণ্টা টেকপাড়াসহ কয়েকটি এলাকায় লাইনে পানি সরবরাহ করা হচ্ছে যা চাহিদার তুলনায় মাত্র ১০ শতাংশ। তা ছাড়া ঘন ঘন লোডশেডিং হওয়ায় পাম্পগুলো এক ঘণ্টার বেশি চালানো যায় না। ফলে পানি উৎপাদন ব্যাহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর জানান, গত বছর পানির সংকট নিরসনে শহরে আরও ২৫ কিলোমিটার পাইপলাইন সমপ্রসারণ এবং পানি উৎপাদনের জন্য ২০টি গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু টাকা অভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। প্রতিটি গভীর নলকূপ স্থাপন করতে ১৫-২০ লাখ টাকা খরচ পড়বে বলে তিনি জানান। পৌরসভার মেয়র সরওয়ার কামাল জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর শহরের বদরমোকাম থেকে টেকপাড়া পর্যন্ত বাঁকখালী নদীর তীরের বিশাল এলাকার নলকূপের পানি নোনা হয়ে পড়ে। এসব এলাকায় চলতি সালে সাত-আটটি গভীর নলকূপ বসিয়ে পাঁচ হাজার লিটার ধারণক্ষমতার জলাধারে (ট্যাংক) পানি মজুদ করে ঘরে ঘরে সরবরাহের চেষ্টা চলছে। এতে অন্তত ৭০০-৮০০ পরিবার পানির সংকট থেকে মুক্তি পাবে। এক প্রশ্নের জবাবে মেয়র সরওয়ার কামাল জানান, ২০টি গভীর নলকূপ স্থাপন, পানি সরবরাহের লাইন সমপ্রসারণ এবং নোনা পানি পরিশোধন প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে ৩০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী ২০১১-১২ অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের পানির সমস্যা আর থাকবে না। কুতুবদিয়া: কুতুবদিয়ার দেড় লাখ মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছেন। অনেকে পানীয়জলের চাহিদা মেটাতে একের পর এক পুকুর খনন করছেন। কিন্তু তাতেও সংকটের নিরসন হচ্ছে না। কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, কুতুবদিয়ায় গভীর নলকূপ রয়েছে মোট ৬৪৭টি। এর মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে ২৩৯, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ১০৭, লেমশিখালীতে ১৪৭, আলী আকবর ডেইলে ৩১ এবং বড়ঘোপে ১২৩টি। এসব নলকূপের অর্ধেকের বেশিই অচল। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানান, ৩৫ হাজার মানুষের এই ইউনিয়নে প্রায় ছয় হাজার বসতবাড়িতে পুকুর রয়েছে সাড়ে তিন হাজার। ইউনিয়নের প্রায় ২০০ নলকূপের অধিকাংশেই নোনা পানি উঠছে। পাশের কৈয়ারবিল ইউনিয়নের অবস্থা আরও ভয়াবহ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ জানান, পুরো ইউনিয়নে গভীর নলকূপ রয়েছে মাত্র ১২টি। এক হাজার ২০০ ফুট নিচে গিয়েও মিঠাপানি পাওয়া যাচ্ছে না। টেকনাফ: টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের একটি পাতকুয়া (রিংওয়েল) দিয়ে আশপাশের তিন গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানির চাহিদা মেটাতেন। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই পাতকুয়ায় পানি জমছে না। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একই চিত্র দেখা গেছে পৌরসভার জালিয়াপাড়ায়। দুটি মাত্র পাতকুয়া দিয়ে চলেন এই গ্রামের কয়েক হাজার মানুষ। এখন ওই দুটি পাতকুয়ায়ও পানি পাওয়া যাচ্ছে না। টেকনাফ পৌরসভার বাসস্টেশন, কায়ুখালীপাড়া, চৌধুরীপাড়া, পলানপাড়া ও নাইট্যংপাড়ার মানুষও পানির সংকটে ভুগছেন। উপজেলায় সরকারিভাবে স্থাপিত এক হাজার ৭০৮টি নলকূপের মধ্যে আট শতাধিক কোনো কাজে আসছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সূত্র জানায়, মাটির নিচে জমাট বাঁধা পাথর থাকায় টেকনাফ পৌরশহরে গভীর নলকূপ স্থাপন করা যায় না। রিং ওয়েলে পানি পাওয়া গেলেও মাত্রাতিরিক্ত আয়রনের কারণে তা খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। মহেশখালী: উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল আহমদ জানান, তাঁর ইউনিয়নে পাঁচ শতাধিক নলকূপের মধ্যে বর্তমানে সাত-আটটি ছাড়া বাকি নলকূপে নোনাপানি উঠছে। ফলে পুরো ইউনিয়নে পানির তীব্র সংকট চলছে।