কক্সবাজারের রাসমেলায় হাজারো ভক্তের সমাগম
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসমেলা ১৬ নভেম্বর শেষ হয়েছে। ১৩ নভেম্বর ৪৫তম ‘শ্রীশ্রী রাসমেলা-২০১৬’–এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
রাসমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, ৪৫ বছর ধরে হাজারো ভক্তের উপস্থিতিতে এই রাসমেলা হচ্ছে। ধর্মীয় আচার–অনুষ্ঠানের পাশাপাশি মেলায় প্রতিমা ও লীলাখেলা প্রদর্শনীর আয়োজন ছিল। ১৬ নভেম্বর রাতে মেলার সমাপ্তি ঘটে।
মেলা উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, রাসমেলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন থাকছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রণজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সাধন চন্দ্র পাল।
বক্তব্য দেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী অমল পোদ্দার, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক বিনয় পাল, খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, আবদুর রহিম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রিয়তোষ শর্মা প্রমুখ।
শ্রীশ্রী রসতত্ত্ব পরিবেশন করেন চট্টগ্রামের পটিয়ার তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ, বাংলাদেশ হরিনাথ প্রচার সংঘের সভাপতি নিত্যানন্দ গোস্বামী, খুরুশকুল শ্রীশ্রী জগন্নাথ ধামের সভাপতি জগন্নাথানন্দ পুরী মহারাজ, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অজিত দাশ ও কমল হরি পাল।