কক্সবাজারের শামুক-ঝিনুকের ফতুয়া
ধূসর কালো লম্বা হাতার ফতুয়া। সামনে-পাছে শামুক-ঝিনুকের কারুকাজ। রৌদ্রোজ্জ্বল দিনে এই ফতুয়া গায়ে দিয়ে বেরোলে শামুক-ঝিনুক চকচক করে। মানুষের চোখ যায়। কেউ কেউ জানতে চান—কোথায় পেলেন এই পোশাক? কিন্তু এটি তো কোথাও পাওয়া যাবে না। শুধু একজনের জন্যই তৈরি হয়েছে এটি। আর এই এক ডিজাইনের একটি ফতুয়া, সালোয়ার-কামিজ কিংবা শাড়ি কিনতে হলে আপনাকে যেতে হবে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটের ‘নৈপুন্যে’। এখানে শামুক-ঝিনুক দিয়ে তৈরি নানা ডিজাইনের প্রতিটা সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। শাড়ি চার থেকে সাত হাজার টাকা। হ্যান্ড পেইন্টের শাড়ি এক হাজার থেকে চার হাজার টাকা। ফতুয়া ও পাঞ্জাবি দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা। শিশুদের জমকালো পার্টি পোশাক দুই হাজার থেকে চার হাজার এবং সাধারণ পোশাক ৫০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর এসব পোশাকের ডিজাইন করে সুখ্যাতি অর্জন করেন, শহরের কলেজ পড়ুয়া মেয়ে হালিমা সাদিয়া। প্রথম আলোর আলোকিত ঈদ ফ্যাশনের ২০০৭ ও ২০১০ সালে পুরস্কার বিজয়ী হালিমা সাদিয়া বলেন, ‘ঈদ উপলক্ষে কক্সবাজারের চিরাচরিত ঐতিহ্য সমুদ্রসৈকত ও সামুদ্রিক শামুক-ঝিনুক দিয়ে ফতুয়া ও পাঞ্জাবি তৈরি করেছি। সূক্ষ্ম সুতায় নানা কারুকার্যে এসব পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রামবাংলার নানা ঐতিহ্য। শাড়ি, বিছানার চাদর ও কুশন কভারে হাতের কাজ করছি।’