কক্সবাজারের সার্বিক উন্নয়নে পাশে থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সার্বিক উন্নয়নে সব সময় পাশে থাকার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার আসেন। এ সময় চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাহ, রামু ও কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধিত করেন।
বিকেল পাঁচটায় সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সংবর্ধনা দেয় কক্সবাজার শহর আওয়ামী লীগ। শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় মেয়র আ জ ম নাছির বলেন, ‘জনগণই রাজনীতির মূল শক্তি। জনগণকে বাদ দিয়ে এ দেশে রাজনীতি চলে না। চট্টগ্রামের মানুষের সঙ্গে ছিলাম বলে তাঁরা ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন।’
মেয়র আরও বলেন, ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজে হাত দিয়েছে সরকার।
মহেশখালীতে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক জোন, সোনাদিয়ায় তৈরি হচ্ছে গভীর সমুদ্রবন্দর। টেকনাফে তৈরি হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটনপল্লি। এসব বাস্তবায়নের পর কক্সবাজারের চেহারা পাল্টে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগদলীয় সাংসদ আশেক উল্লাহ, সাইমুম সরওয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, শহর আওয়ামী লীগের সহসভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর প্রমুখ।