কক্সবাজারের সার্বিক উন্নয়নে তৈরি হচ্ছে মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সার্বিক উন্নয়ন ও পরিবেশবান্ধব পর্যটননগর গড়ে তোলার জন্য সরকার মহাপরিকল্পনা তৈরি করছে। গত ১১ মে মহাপরিকল্পনার খসড়া জনগণের জন্য উন্মুক্ত করা হয়। ৩১ মে পর্যন্ত বিভিন্ন ব্যক্তি মতামত দেন। শিগগির পরিকল্পনা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।জেলার তিনটি পৌরসভা—কক্সবাজার, টেকনাফ, মহেশখালী ছাড়াও আশপাশের বিভিন্ন দ্বীপ ও সৈকত এলাকায় প্রায় ৮০ হাজার একর জমি নিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মহাপরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘প্রিপারেশন অব ডেভেলপমেন্ট প্ল্যান অব কক্সবাজার টাউন অ্যান্ড সি-বিচ আপ টু টেকনাফ’। এটির বাস্তবায়ন করছে যৌথভাবে ঢাকা নগর উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি সংস্থা শেলটেক কনসালটেন্ট। দীর্ঘ প্রায় দুই বছর জরিপ চালিয়ে প্রকল্পটি তৈরি করা হয়। এটি বাস্তবায়ন করা হলে কক্সবাজার, টেকনাফ, সাগরদ্বীপ সেন্ট মার্টিন ও মহেশখালীর যেখানে-সেখানে বাড়ি, হোটেল-মোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ অবকাঠামো তৈরি করা যাবে না। এতে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ রক্ষা পাবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, আজ ২ জুন এসংক্রান্ত কমিটির বৈঠকে জনমত নিয়ে আলোচনা হবে। তারপর খসড়া মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকায় পাঠানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পাওয়া গেলে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে। ২৫ হাজার একর জমি নিয়ে পরিবেশবান্ধব পর্যটনশহর: মহাপরিকল্পনায় প্রায় ২৫ হাজার একর জমি নিয়ে পরিবেশবান্ধব কক্সবাজার শহরের পরিকল্পনা করা হয়েছে। শহরের একমাত্র প্রধান সড়কটি যানজটমুক্ত রাখতে আরও সম্প্রসারণ করা হবে। বাণিজ্যিক এলাকা সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পূর্ব দিকে লিংক রোড পর্যন্ত বিশাল এলাকা সম্প্রসারণের আওতায় আনা হয়েছে। সদর উপজেলার পিএমখালী পাতলী মাছুয়াখালীতে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাএলাকা (এডুকেশনাল জোন), খুরুশকুলে মৎস্য শিল্পএলাকা, উচ্চশ্রেণীর আবাসিক এলাকা, খুরুলিয়ায় ট্রাক টার্মিনাল এবং সমুদ্রসৈকত এলাকাকে হোটেল-মোটেল জোন ঘোষণা করা হয়েছে। রামুর খুনিয়াপালং এলাকায় প্রাকৃতিক বন ও ইকোট্যুরিজম প্রকল্প, শিল্প ও আবাসিক এলাকা গড়ে তোলা হবে। ঝিলংজা এলাকায় প্রাকৃতিক বন, পর্যটনকেন্দ্র (পিকনিক স্পট), শিল্পএলাকা, কক্সবাজার সৈকত উপকূলের নাজিরারটেক থেকে কুতুুবদিয়াপাড়া পর্যন্ত বিমানবন্দর সম্প্রসারণ, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, ডায়াবেটিক হাসপাতাল এলাকায় সাংস্কৃতিক জোন, সিটিপার্ক, নুনিয়াছটা এলাকায় মৎস্য জোন, লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত হোটেল-মোটেল জোন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূল শহরকে প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে কক্সবাজার মৎস্য অবতরণকেন্দ্র পর্যন্ত এলাকাকে ফিশিং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মহাপরিকল্পনা তৈরি করা প্রতিষ্ঠান শেলটেকের পরিকল্পনাবিদ নাসিফ আহমেদ জানান, কক্সবাজার পৌরসভার, সদর ও রামু উপজেলার ঝিলংজা, খুরুলিয়া, তেতৈয়া, খুরুশকুল, পাতলী মাছুয়াখালী, তোতকখালী, চাইন্দা ও জঙ্গল খুনিয়াপালং মৌজার ২৪ হাজার ৮২৫ দশমিক ৫৯ একর জমি মহাপরিকল্পনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনা করে প্রচুর খালি জায়গা রাখা হয়েছে। এটি বাস্তবায়ন করা হলে আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, কৃষিজমিতে স্থাপনা তৈরি, বনাঞ্চল দখল ও পাহাড় কেটে স্থাপনা করা যাবে না। তিন ভাগ প্রবালদ্বীপ: প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ট্যুরিজম, সংরক্ষিত ইকোট্যুরিজম ও সম্পূর্ণ সংরক্ষিত ইকোট্যুরিজম জোন হিসেবে তিন ভাগে বিভক্ত করে মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সেন্ট মার্টিন জেটি থেকে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তরপাড়ার এক হাজার ৩০ দশমিক ৮৪ একর জমি নিয়ে ট্যুরিস্ট জোন করা হবে। এখানে আবাসিক এলাকা, সি অ্যাকোরিয়াম, হেলথ জোন, শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক ও বাণিজ্যিক জোন রাখা হয়েছে। পরিবেশ রক্ষায় এই জোনে হোটেল-মোটেল রাখা হয়নি। পর্যটকদের বিনোদনে অবকাঠামো তৈরির জন্য আলাদা জমি রাখা হয়েছে। প্রধান সড়কটি সম্প্রসারণের ব্যবস্থা রাখা হলেও মোটরযান চলাচল করবে না। দ্বীপের সর্ব দক্ষিণের ছেঁড়াদিয়াকে সম্পূর্ণ সংরক্ষিত ইকোট্যুরিস্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে থাকবে বন ও সাগর এলাকা। মহেশখালীতে ট্যুরিস্ট জোন: মহেশখালী পৌরসভা ও আশপাশের গোরকঘাটা, হামিদারদিয়া, পুটিবিলা ও ঠাকুরতলা মৌজার এক হাজার ৬১২ দশমিক ৫৩ একর জমি নিয়ে তৈরি হচ্ছে রিসোর্ট ও ট্যুরিস্ট জোন। ঠাকুরতলায় পর্যটন রিসোর্ট ও ট্যুরিস্ট জোন, আবাসিক ও বাণিজ্যিক এলাকার জন্য চিহ্নিত করা হয়েছে। পুটিবিলায় আবাসিক, বাণিজ্যিক ও গোরকঘাটায় কৃষি, লবণ ও মৎস্যচাষের জন্য জমি রাখা হয়েছে। পৌরসভা এলাকায় প্রশাসনিক, এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটসহ নানা দপ্তর প্রতিষ্ঠা করা হবে।