কক্সবাজারের হাটবাজার ভরে গেছে কাঁঠালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বড়ছড়া এলাকার সমুদ্র উপকূলীয় গ্রাম ‘আদর্শপাড়া’। এই পাড়ার প্রতিটি ঘরে আট থেকে ১০টি করে কাঁঠালগাছ রয়েছে। প্রতিটি গাছেই ধরেছে প্রচুর কাঁঠাল। ওই গ্রামের সমাজ কমিটির সভাপতি আমির হোসেন জানান, এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে ২৫ থেকে ৭০টি কাঁঠাল ধরেছে। কাঁঠাল বিক্রি করে বাড়তি টাকা উপার্জন করছে পরিবারগুলো।আদর্শপাড়ার মতো কক্সবাজার-টেকনাফ ৮৪ কিলোমিটারের মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে দেখা যায় সারি সারি ফলভরা কাঁঠালগাছ। কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে কাঁঠালের বাম্পার ফলন নজরে পড়ে। উৎপাদিত কাঁঠালে ভরে যাচ্ছে জেলার পাঁচ শতাধিক হাটবাজার। টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা সুলতান আহমদ (৪৫) জানান, এবার তাঁর বসতবাড়িতে আটটি গাছে দেড় শতাধিক কাঁঠাল ধরেছে। ইতিমধ্যে ৭৩টি কাঁঠাল বিক্রি করে তিনি চার হাজার ২০০ টাকা আয় করেছেন। কাঁঠাল বিক্রি করে আরও তিন হাজার টাকা উপার্জনের আশা করছেন। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া জানান, উপজেলার সাবরাং, বাহারছড়া, নিলা, হোয়াইক্যং ও সদর ইউনিয়নের ৬০টির বেশি গ্রামে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। বেশি দামে বিক্রি হওয়ায় বিক্রেতারা লাভবান হচ্ছেন। অনেকে বাজার থেকে কাঁঠাল কিনে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ দিচ্ছেন। উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নের দারোগা বাজার, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনারপাড়া বাজার, পালংখালী বাজারসহ অন্তত ২০টি হাটবাজারে বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল। উখিয়া বাজারে কাঁঠাল কিনতে আসা চট্টগ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, উখিয়া-টেকনাফের কাঁঠাল আকৃতিতে বড় এবং মিষ্টি। তাই এই কাঁঠালের কদর বেশি। কাঁঠালের বিচিও প্রতি কেজি ২০-৩০ টাকায় বিক্রি হয়। গত সাত দিনে এসব এলাকা থেকে ১৪টি ট্রাকে করে কয়েক হাজার কাঁঠাল চট্টগ্রামে সরবরাহ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আশিষ কুমার জানান, জেলার আটটি উপজেলার ৭৩টি ইউনিয়নের এক লাখের বেশি বসতবাড়িতে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কিন্তু এ পর্যন্ত ঠিক কত কাঁঠাল উৎপাদিত হয়েছে, তা বলা মুশকিল।