কক্সবাজারের ১২৪ একর পাহাড়ি ভূমি উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন কলাতলী পাহাড়ে হাজার কোটি টাকা মূল্যের বন বিভাগের মালিকানাধীন প্রতিবেশ সংকটাপন্ন সেই ১২৪ একর বনভূমি দ্রুত উদ্ধারের দাবি উঠেছে। এসব ভূমি উদ্ধার করে সেখানে বনায়নের দাবি জানিয়েছে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ এবং সিভিল সোসাইটি। অন্যদিকে এসব বনভূমিতে কোনো রকমের স্থাপনাসহ অবকাঠামো নির্মাণ বন্ধে সম্প্রতি দেওয়া হাইকোর্টের নির্দেশে স্থানীয় জনগণ খুশি।কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আইন ভেঙে জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্প নির্মাণের জন্য বন বিভাগের মালিকানাধীন প্রতিবেশ সংকটাপন্ন ৫১ একরের কয়েকটি উঁচু পাহাড় ২২টি বুলডোজার দিয়ে কেটে ফেলা হয়। এ সময় প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি হয়। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সদস্যরা আবাসন প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করে দেন। কিন্তু দখল তৎপরতা বন্ধ হয়নি। পরবর্তীকালে স্থানীয় আরও কিছু প্রভাবশালী লোক ৫১ একরের আশপাশের আরও ৭৩ একর পাহাড় কেটে বনভূমি দখল করে নেন। এসব জমিতে বর্তমানে অনেকে বসতবাড়ি ও বহুতল ভবন নির্মাণের পাঁয়তারা চালাচ্ছেন। অনেকে প্লট হিসেবে জমি ভাগ করে চড়া দামে লোকজনের কাছে বিক্রি করছেন। তিনি জানান, গত সোমবার সকালে একদল পরিবেশকর্মী সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখেন, হাইকোর্টের নির্দেশের পরও বন বিভাগ ১২৪ একর জমির দখলদারদের উচ্ছেদ করেনি। এসব ভূমিতে সীমানাপ্রাচীরসহ নানা অবকাঠামো তৈরির কাজ চলছে। কলাতলী আদর্শ গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, পাহাড় কাটার সময় ১০ হাজারের বেশি সেগুন ও গর্জন গাছ লোপাট করে দখলদাররা। অনেকে এখন দখল করা পাহাড়ি জমিতে ভুয়া কাগজ সৃজন করে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বহুতল ভবন নির্মাণের চক্রান্ত চালাচ্ছেন। কিন্তু হাইকোর্টের রায়ে এখানকার অসহায় মানুষ প্রাণে রক্ষার সুযোগ পেল।সূত্র জানায়, ওই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের নামে অবৈধভাবে পাহাড় কাটা ও বনভূমি উজাড়ের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে রিট আবেদন করে। ৮ জুন হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ চূড়ান্ত রায়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার ওই ১২৪ একর জায়গায় পাহাড় বা টিলা কাটা বন্ধ এবং ওই জায়গায় কোনো প্রকার স্থাপনা বা আবাসন প্রকল্প নির্মাণ না করার নির্দেশ দেন। এ ব্যাপারে বন বিভাগকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বেলার পক্ষে হাইকোর্টের আইনজীবী ইকবাল কবীর চৌধুরী জানান, ওই ১২৪ একর পাহাড়ি এলাকাকে ১৯৩৫ সালের ১১ জুন সংরক্ষিত বনাঞ্চল এবং ১৯৯৯ সালে ১৯ এপ্রিল প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। কিন্তু তার পরও সেখানে পাহাড় কাটা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্প নির্মাণের জন্য অবৈধভাবে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দখলদারদের উচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল জানান, ৪৫ অবৈধ দখলদারের একটি তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। তালিকাটি যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে জমির মালিকানা বন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের আরেক কর্মকর্তা জানান, বনভূমি উদ্ধারের পর দখলদারদের বিরুদ্ধে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের দায়ে শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা হবে। কারণ ২০০৫ সালে চার-পাঁচটি উঁচু পাহাড় কেটে ফেলায় কয়েক হাজার মূল্যবান সেগুন-গর্জন গাছ নিধনসহ অন্তত ২০ প্রজাতির জীববৈচিত্র্য ধ্বংস করা হয়। এখন দখলদাররা উচ্ছেদপ্রক্রিয়া বন্ধ করতে মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী এবং পরিবেশ ও বন সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, চূড়ার মাটি কেটে ফেলার কারণে এখন পাহাড়ের মাটি ধরে রাখা যাচ্ছে না। সামান্য বৃষ্টির পানিতেও নরম মাটি সরে নিচে নেমে এসে শহরের নালা-নর্দমা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি ঢুকে পাহাড়ে বড় বড় ফাটল ধরছে। এতে পাহাড়ধসে অসংখ্য মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত বছরের ১৫ জুন ৩০টির বেশি পাহাড়ধসের ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন পাঁচ শতাধিক মানুষ। তাই পরিবেশ রক্ষার স্বার্থে ওই ১২৪ একরের বনভূমি দ্রুত উচ্ছেদ করে বনায়নের ব্যবস্থা করতে হবে।