কক্সবাজার-চট্টগ্রাম এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ থেকে চকরিয়ার হারবাং পর্যন্ত ১৫৬ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ৭১টি অবৈধ হাটবাজার গড়ে উঠেছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি যানজটের কবলে পড়ে যাত্রীদের অতিরিক্ত সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। গত দুই বছরে এই সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনার ঘটনায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ও কয়েক শ যাত্রী আহত হন। অবৈধ হাটবাজারের পাশাপাশি দুর্ঘটনার জন্য ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল, চালকদের বেপরোয়া ভাবকেও দায়ী করেন যাত্রীরা।টেকনাফ থেকে কক্সবাজার হয়ে চকরিয়ার হারবাং পর্যন্ত ১৫৬ কিলোমিটার মহাসড়কে অবৈধ হাটবাজার রয়েছে ৭১টি। সড়কের ওপর এবং দুপাশ দখল করে এসব হাটবাজার ও দোকানপাট গড়ে ওঠায় লেগে থাকে তীব্র যানজট। ফলে এক ঘণ্টার সড়কপথ অতিক্রম করতে সময় লাগে দু-তিন ঘণ্টা। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৭৯ কিলোমিটার মহাসড়কে অবৈধ হাটবাজার রয়েছে ৪৩টি। এর মধ্যে লিংক রোড বাজার, চাইন্দাবাজার, পানের ছড়া, তুলাবাগান, ধেছুয়াপালং, মরিচ্যা বাজার, কোর্ট বাজার, হিজলিয়া বাজার, উখিয়া বাজার, কুতুপালং, বালুখালী, পান বাজার, থাইংখালী, পালংখালী বাজার, কানজরপাড়া, উলুবনিয়া, হোয়াইক্যং, মিনা বাজার, নয়া বাজার, মৌলভি বাজার, নিলা বাজার, দরগাহ বাজার, খারাংখালী, লেদা বাজার, দমদমিয়া, জাদিমুরা বাজার, কেরনতলী ও নাইট্যংপাড়া বাজার অন্যতম। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব হাটবাজার জমজমাট থাকে। এই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক ফরিদুল আলম (৪৫) ও দিল মোহাম্মদ (৩৪) জানান, সড়কের ওপর অসংখ্য হাটবাজার বসানোর কারণে নিরাপদে গাড়ি চালানো যাচ্ছে না। সড়কের ওপর সাপ্তাহিক হাট বসলে তো যাত্রী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। কক্সবাজার থেকে দেড় ঘণ্টায় টেকনাফ পৌঁছার কথা থাকলেও যানজটের কারণে লাগছে আড়াই থেকে চার ঘণ্টা। অন্যদিকে, কক্সবাজার থেকে চকরিয়ার হারবাং পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৭৭ কিলোমিটার সড়কের খরুলিয়া, বাংলাবাজার, রামু, পানিরছড়া, ঈদগাঁও, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, চকরিয়া, হারবাংয়ে ২৮টি অবৈধ হাটবাজার গড়ে উঠেছে। ফলে এই সড়কেও দেখা দেয় তীব্র যানজট। সড়কগুলো ছোটবড় অসংখ্য খানাখন্দে ভরা। বিশেষ করে চকরিয়া পৌরসভার এক কিলোমিটার, ঈদগাঁও, কোর্ট বাজার, উখিয়া স্টেশনে সড়কের ওপর জিপ, মাইক্রোবাস, চেয়ারকোচ দাঁড় করিয়ে রাখায় যানজট লেগে থাকে। সড়ক ও জনপথ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮৯ কিলোমিটারের মহাসড়কটি কাগজ-কলমে জাতীয় মহাসড়ক হলেও এটি পরিচালিত হচ্ছে জেলা সড়ক হিসেবে। এই সড়কের প্রস্থ আট ফুট এবং সড়কের ওপর অসংখ্য হাটবাজার গড়ে ওঠায় তীব্র যানজট লেগে থাকে। অন্যদিকে কক্সবাজার থেকে হারবাং পর্যন্ত আরও ৭৭ কিলোমিটার মহাসড়কেরও একই অবস্থা। অবৈধ হাটবাজার প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘সমপ্রতি চকরিয়া পৌরসভা, কক্সবাজার শহর ও উখিয়া, টেকনাফে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক দোকানপাট ও হাটবাজার উচ্ছেদ করা হয়। কিন্তু দু-তিন দিন পর আবার এসব হাটবাজার গড়ে তোলা হয়। ফলে সড়ক দখলমুক্ত করা সম্ভব হয় না।’ এদিকে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার জন্য অবৈধ যানবাহন ও চালকের অদক্ষতাকেও দায়ী করেছেন সংশ্লিষ্ট লোকজন। কক্সবাজার আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম জানান, কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী শতাধিক বাস ছাড়াও পাঁচ হাজারের বেশি ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, জিপ, টমটম চলাচল করে। এর মধ্যে সড়কে চলাচলের অনুমতি রয়েছে শতাধিক বাস-ট্রাকের। বাকি কয়েক হাজার যানবাহন চলাচল করে অবৈধভাবে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কেরও একই অবস্থা। এই সড়কেও দুই হাজারের বেশি অবৈধ যানবাহন চলাচল করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচল করা সাড়ে আট হাজার যানবাহনের মধ্যে মাত্র এক হাজার ৩৩৭টি মিনিবাস, মাইক্রোবাসের নিবন্ধন (রেজিস্ট্রেশন) রয়েছে।পুলিশ ও পরিবহন সংস্থা সূত্র জানায়, গত দুই বছরে এই দুটি মহাসড়কে ৫৫টির বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৫৯ নারী-পুরুষ ও শিশু। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। এর মধ্যে অর্ধশতাধিক পঙ্গু হয়ে গেছেন।কক্সবাজার যানবাহন নিয়ন্ত্রণ শাখার (জেলা ট্রাফিক বিভাগ) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. জাকারিয়া জানান, সড়ক দুর্ঘটনার ব্যাপারে তাঁরা কোনো পরিসংখ্যান রাখেন না। তবে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে তাঁরা নিয়মিত যানবাহন আটক ও জরিমানা আদায় করেন।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, জেলার সড়ক, উপসড়কে বর্তমানে যে পরিমাণ যানবাহন চলাচল করছে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি। এ কারণে তীব্র যানজট লেগে থাকে। সড়কের ধারণ ক্ষমতা বিবেচনা করে যানবাহন চলাচলের রুট পারমিট ও রেজিস্ট্রেশন দেওয়া দরকার। টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হাসান জানান, মিয়ানমারের সঙ্গে মালামাল আনা-নেওয়ার একমাত্র এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন টেকনাফে কয়েক শ কোটি টাকার মালামাল আনা হয়। এসব মালামাল টেকনাফ থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রাম-ঢাকা সরবরাহ দিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে টেকনাফ-কক্সবাজার মহাসড়কটি খানাখন্দে ভরা এবং সড়কের ওপর অসংখ্য হাটবাজার থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।