কক্সবাজারের ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আট উপজেলার সরকারি-বেসরকারি ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষক নেই ২০টিতে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের মধ্যে দলাদলি লেগে রয়েছে। ফলে এসব বিদ্যালয়ে পড়ালেখা বিঘ্নিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। জানা গেছে, জেলায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১২৩টি। এর মধ্যে ছয়টি সরকারি। নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৬৩ হাজার ৬২ জন। ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই কয়েক বছর। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়েও একই অবস্থা ছিল। এক মাস আগে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও চকরিয়ার দুটি, মহেশখালীর একটি ও কুতুবদিয়ার একটি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি। বেসরকারি ১১৭ বিদ্যালয়ের ৪০টিতে প্রধান শিক্ষক নেই। ২০টিতে সহকারী প্রধান শিক্ষকও নেই। জানা গেছে, টেকনাফের পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সাত বছর। নেই সহকারী প্রধান শিক্ষকও। একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এসএসসি পরীক্ষায় কয়েক বছর এই বিদ্যালয়ের ফলাফল ভালো নয় বলে অভিভাবকেরা জানান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমান জানান, দ্বন্দ্বের কারণে একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। একই অবস্থা উপজেলার শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয়, নয়াপাড়া উচ্চবিদ্যালয় এবং নিলা উচ্চবিদ্যালয়েরও। জানা গেছে, কক্সবাজার শহরের প্রিপ্যার্যাটরি উচ্চবিদ্যালয়, ভারুয়াখালী আদর্শ উচ্চবিদ্যালয়, নাপিতখালী উচ্চবিদ্যালয়, কক্সবাজার মডেল হাইস্কুল, জাহানারা ইসলাম উচ্চবিদ্যালয়, রামুর খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়, রামু বালিকা উচ্চবিদ্যালয়সহ অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, ‘যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, সেই বিদ্যালয় চলে দায়সারাভাবে। শিক্ষকদের মধ্যে সমন্বয় না থাকায় লেখাপড়াও ঠিকমতো হয় না।’ কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বকশ জানান, ‘যাঁরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, তাঁরাও যোগ্যতাসম্পন্ন। তা না হলে আমার বিদ্যালয় জিপিএ-৫-এর দিক থেকে জেলায় শীর্ষ হতো না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দিলে সমস্যা থাকত না বলে তিনি মন্তব্য করেন। অনুসন্ধানে জানা গেছে, উখিয়ার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টি ভারপ্রাপ্ত দিয়ে চলছে। টেকনাফের ১৫টির মধ্যে ছয়টি, রামুর ১৪টির চারটি, মহেশখালীর ১৮টির ছয়টি, চকরিয়ায় ৩৪টির আটটি, কুতুবদিয়ায় নয়টির মধ্যে একটি এবং পেকুয়ার ১০টির মধ্যে একটিতে প্রধান শিক্ষক নেই। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, ‘শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বহু লেখালেখি করেছি, কিন্তু কাজ হচ্ছে না। এতে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) সমপ্রতি কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সমস্যা’ নিয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে ২৭ দফা সুপারিশমালা তৈরি করা হয়। এতে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে, শিক্ষকস্বল্পতা, প্রতিষ্ঠানপ্রধানের অদক্ষতা, প্রশাসনিক জটিলতা, জবাবদিহির অভাব, শিক্ষকদের কোন্দল ও আর্থিক সমস্যা—এসব সমস্য সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় বৈঠকে।