কক্সবাজারের ৭৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাহান্নের ভাষা শহীদ সালাম, রফিক, জব্বারদের স্মরণ করেছিলাম বাঁশ ও রঙিন কাগজ দিয়ে তৈরি একটি শহীদ মিনারে ফুল দিয়ে। পরদিন সেটি ভেঙে ফেলা হয়। তখন শিক্ষকেরা বলেছিলেন, আগামী একুশে ফেব্রুয়ারি আসার আগেই একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করে দেওয়া হবে। কিন্তু তা আর হয়নি। তাই এই বছরও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হবে না।’ ১৫ ফেব্রুয়ারি সকালে এসব কথা বলে কক্সবাজার শহরের বাহারছড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা, সুমন, জিয়াবুল ও আবদুল্লাহ। শুধু বাহারছড়া উচ্চবিদ্যালয়ই নয়। জেলার আট উপজেলার ৭৩৮টি কলেজ, উচ্চমাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। নগ্নপায়ে প্রভাতফেরিতে অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...।’ গাইতে গাইতে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে স্মরণ করতে পারবে না বীর শহীদদের। টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল ইসলাম জানায়, প্রতিষ্ঠার ৫৩ বছরেও এই বিদ্যালয়ে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়নি। প্রতি বছর ফেব্রুয়ারি এলে শিক্ষার্থীরা শহীদ মিনার স্থাপনের দাবিতে কর্তৃপক্ষের কাছে বরাবরে আবেদন জানায়। প্রতিবার আশ্বাস মিললেও শহীদ মিনার হয় না। সাইফুলের জিজ্ঞাসা, ‘একটি শহীদ মিনার নির্মাণ করতে কত টাকা খরচ হয় ?’ টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষার্থী শিমুল মাহমুদ ও সোনিয়া বড়ুয়া জানান, শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এখানে দিবসটি পালন করা হয় না।কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি ভৌমিক জানান, ‘আর্থিকসংকটের কারণে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার স্থাপন করা যাচ্ছে না। যদিও আমরা অপ্রয়োজনীয় খাতে অনেক টাকা খরচ করে ফেলছি। মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে যাঁরা রক্ত দিয়েছেন, তাঁদের স্মরণে প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন।’ টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালিদ জানান, দুটি মাধ্যমিক বিদ্যালয় ছাড়া এই উপজেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। কিছু বিদ্যালয়ে টুল-টেবিল দিয়ে শহীদ মিনার তৈরি করে মহান একুশ পালন করা হয়। কিন্তু তাগিদ দেওয়ার পরও বহু বিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিকসংকটের অজুহাত তুলে শহীদ মিনার স্থাপনে আগ্রহ দেখায় না। সদর উপজেলার দুর্গম গ্রাম খুরুশকুল আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে একটি শহীদ মিনার। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের এখানে স্মরণ করা হয়। খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, ‘নতুন প্রজন্মকে বাহান্নের ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করে তোলা আমাদের দায়িত্ব। তাই সব বিদ্যালয়ে সম্ভব না হলেও প্রতিটা ইউনিয়নে অন্তত একটা করে শহীদ মিনার স্থাপন করা দরকার।’ অনুসন্ধানে জানা গেছে, জেলার আট উপজেলায় ৭৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ ২০, মাধ্যমিক ১৪৮ ও প্রাথমিক বিদ্যালয় ৫৯৬) রয়েছে। এর মধ্যে ৭৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এবারও যথাযথ মর্যাদায় শহীদদের স্মরণ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।