কক্সবাজারের ৯৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার ৯৯৩টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে শহীদ মিনার নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার লাখ ৮০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্যে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ হাজারের মতো শিক্ষার্থী কেন্দ্রীয় অথবা উপজেলা সদরের শহীদ মিনারে গিয়ে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলার মোট এক হাজার ১০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ১১৫টিতে। এতে পড়ে প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী। তবে আগামী জুলাই থেকে যেসব বিদ্যালয়ে জায়গা আছে সেখানে শহীদ মিনার তৈরির জন্য সরকার একটি প্রকল্প নিচ্ছে বলে জানা গেছে।শহীদ মিনার নেই কেন? : সূত্র জানায়, জেলা সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীতে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এক হাজার ১০৮টি। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৯১৭টি, উচ্চমাধ্যমিক ১৪৫টি ও কলেজ ৪৬টি (দুটি সরকারি)। প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ১১ হাজার ২৩৪ জন, উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ১৩ হাজার, কলেজে ৭০ হাজার শিক্ষার্থী রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কক্সবাজার কার্যালয়ের এক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করে জানান, দুটি সরকারি কলেজ, ছয়টি সরকারি উচ্চবিদ্যালয় এবং এমপিওভুক্ত ১১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬১টিতে শহীদ মিনার রয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক তারিক সালাহ উদ্দিন জানান, ‘অর্থবরাদ্দ থাকে না বলে আমাদের পক্ষে প্রতিটা বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা সম্ভব হচ্ছে না। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা চাইলে আমরা সহযোগিতা দেব।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস কুমার পাল জানান, ‘সরকারি ৩৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে শহীদ মিনার রয়েছে। এ ছাড়া বেসরকারি আরও ৫৪১টি প্রাথমিক, কিন্ডারগার্টেন, স্বতন্ত্র এবতেদায়ি, কমিউনিটি ও বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ে শহীদ মিনার নেই। গত জানুয়ারিতে এসব বিদ্যালয়ে ভর্তি হয়েছে তিন লাখ ১১ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। শহীদ মিনার না থাকার কারণ জানতে চাইলে তাপস কুমার জানান, ‘বরাদ্দ না থাকায় প্রতিটা বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয় না—এটা ঠিক। আবার শহীদ মিনার তৈরি করতে জায়গার প্রয়োজন হয়। অধিকাংশ বিদ্যালয়ে তা নেই।’একুশ কী বুঝি না:একুশে ফেব্রুয়ারি কী হয়েছিল—এমন প্রশ্নের উত্তরে টেকনাফের শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নাজমুল হক জানায়, ‘স্যার নাই বলে বিদ্যালয়ে ঠিকমতো পড়া হয় না। একুশ কী তা স্যারেরা বলেননি, তাই বুঝি না।’সমুদ্র উপকূলের দেড় লাখের বেশি শিক্ষার্থীর অবস্থা এমনই। টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও সদর উপজেলার ওই শিক্ষার্থীরা শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পায়নি। টেকনাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী দিলশাদ বেগম ও সদর উপজেলার বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবদুল করিম জানায়, ‘একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার খুব ইচ্ছা, কিন্তু পারি না। বিদ্যালয় থেকে প্রভাতফেরির আয়োজন করা হয় না। বাড়ি থেকেও একা বেরোতে দেয় না।’ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত শাপলাপুর বিদ্যালয়ের সামনে বড় মাঠ থাকলেও শহীদ মিনার তৈরি হয়নি। পাশে বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। নবম শ্রেণীর ছাত্র সুসমা চাকমা ও গিয়াস উদ্দিন জানায়, ‘জীবনে কোনো দিন শহীদ মিনারে ফুল দিতে যাইনি। কিন্তু যাওয়ার ইচ্ছা অনেক।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনজুর জানান, ‘দুর্গম এলাকা হওয়ায় লেখাপড়ার প্রতি এখানকার মানুষের আগ্রহ কম। শিশুরা সমুদ্রে চিংড়িপোনা ধরে, পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করে। ছেলেমেয়েদের লেখাপড়ায় শিক্ষিত করতে গরজ মনে করেন না অভিভাবকেরা। এখানে শহীদ মিনার দিয়ে কী হবে? এসব এলাকায় শহীদের চেতনা সৃষ্টি করতে আরও ৫০ বছর লাগবে।’ আমরা করবো জয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র সৈকতে বাঁশ, বেত, কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেন। উপকূলীয় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এই মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য ও দৈঙ্গাকাটার বাসিন্দা আবুল হাশেম জানান, পাঁচ গ্রামের ৩৫ হাজার মানুষের জন্য একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এখানে শহীদ মিনার কী তা কে চেনাবে?’ হরিখোলা রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী লাকেচিং চাকমা ও রূপা চাকমা জানায়, ‘পাঠ্যবইয়ে ভাষাশহীদ সালাম, রফিক, জব্বার, বরকতের নাম পড়েছি। কিন্তু এখন পর্যন্ত শহীদ মিনার দেখিনি। আমরা শহীদদের সম্মান জানাতে চাই।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নি মং চাকমা (৩৫) জানান, ‘পাহাড়ি এলাকার মানুষ অশিক্ষিত হলেও শহীদদের সম্মান করতে জানেন। তবে শহীদ মিনার নেই বলে এলাকাবাসীর মন থেকে ভাষাআন্দোলনের ইতিহাস হারিয়ে যাচ্ছে।’