কক্সবাজার পর্যটন ব্যবসায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই সময়ে পর্যটকে ভরপুর থাকার কথা কক্সবাজার সমুদ্রসৈকত। এখন অনেকটাই ফঁাকা। টানা অবরোধ–হরতালে বন্ধ হয়ে গেছে পর্যটক আসা। দিন দিন ক্ষতি বাড়ছে পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ছবিটি ২০ জানুয়ারি সৈকতের লাবণী পয়েন্ট থেকে তোলা l প্রথম আলো
এই সময়ে পর্যটকে ভরপুর থাকার কথা কক্সবাজার সমুদ্রসৈকত। এখন অনেকটাই ফঁাকা। টানা অবরোধ–হরতালে বন্ধ হয়ে গেছে পর্যটক আসা। দিন দিন ক্ষতি বাড়ছে পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ছবিটি ২০ জানুয়ারি সৈকতের লাবণী পয়েন্ট থেকে তোলা l প্রথম আলো

২০ জানুয়ারি বেলা ১১টা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। খাঁ খাঁ করছে চারপাশ। বিশাল সৈকতে পর্যটক আছেন জনা বিশেক। ফাঁকা বসার ছাতাগুলো। একই অবস্থা সমুদ্রপাড়ের দোকানেও। কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। অথচ এই সময়ে পর্যটকে ঠাসা থাকার কথা। কিন্তু টানা হরতাল-অবরোধে এখন পর্যটকশূন্য কক্সবাজার। খালি পড়ে আছে তিন শতাধিক হোটেল-মোটেল ও গেস্টহাউস।
২০১৩ সালে পুরো পর্যটন মৌসুমেই ছিল রাজনৈতিক অস্থিরতা। পরের বছর ক্ষতি পুষিয়ে নেওয়ার আগেই শুরু হয় আবার তাণ্ডব। এবার চলতি বছরেও ৫ জানুয়ারি থেকে টানা হরতাল-অবরোধ। এ কারণে ধস নেমেছে পর্যটন ব্যবসায়। ব্যবসায়ীরা জানান, ২০ জানুয়ারি পর্যন্ত ১৬ দিনের হরতাল-অবরোধে ক্ষতি হয়েছে প্রায় ২২৪ কোটি টাকা।
সৈকতের নামার প্রধান ফটক লাবণী পয়েন্টে হোটেল কল্লোলের অবস্থান। এ কারণে যেকোনো সময় এই হোটেল পর্যটকে ভরপুর থাকে। কিন্তু এখন খালি। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ উদ্দিন আহমদ বলেন, গত ১৬ দিনের অবরোধে হোটেলের ১৪১টি কক্ষÿ খালি পড়ে আছে। এতে দৈনিক লোকসান হচ্ছে ৮০ হাজার টাকার বেশি।
শহরের ঝাউতলার সাগরগাঁও হোটেলের মালিক শাহেদুল ইসলাম জানান, তাঁর হোটেলের ৭২টি কক্ষও প্রতিদিন খালি যাচ্ছে। এ ক্ষেত্রে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে ৪৮ হাজার টাকা করে। এ অবস্থা চলতে থাকলে ৪৫ জন হোটেল কর্মচারীকে ছাঁটাই করতে হবে।
হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল, অভিসার, সি-গাল, কক্স টুডে, ওশান প্যারাডাইস, প্রসাদ প্যারাইডস, লং বিচ, সি কুইন, আল হেরাসহ বিভিন্ন হোটেলেরও একই অবস্থা।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অন্তত সাত লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেন। আর এখন পুরো শহরে ১০০ জন পর্যটকও নেই। প্রতিটি হোটেল দৈনিক ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত লোকসান দিচ্ছে। সেই হিসাবে প্রতিদিন আবাসিক খাতে দেড় কোটি, রেস্তোরাঁয় এক কোটি এবং পর্যটন-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা করে লোকসান দিচ্ছেন ব্যবসায়ীরা।
হোটেল মালিক সমিতি সূত্র জানায়, হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত ৩০ হাজার কর্মচারীর জীবন–জীবিকা হুমকির মুখে পড়েছে। লোকসানের কারণে ইতিমধ্যে ১২ হাজার কর্মচারী ছাঁটাই করতে হয়েছে। হরতাল–অবরোধ চলতে থাকলে আরও অনেকে চাকরি হারাবেন।
কক্সবাজারের টুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম কিবরিয়া খান বলেন, পর্যটক না থাকায় শহরের দুই শতাধিক টুরিজম প্রতিষ্ঠান বন্ধ। এসব প্রতিষ্ঠানের দুই হাজার কর্মচারী বেকার জীবন কাটাচ্ছেন। পর্যটক না থাকায় উখিয়ার ইনানী সৈকত, পাহাড়ি ঝরনার হিমছড়ি, ডুলাহাজারা সাফারি পার্ক, রামুর বৌদ্ধপল্লি, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের হোটেল, মোটেলসহ পাঁচ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। এসব খাতেও দৈনিক পাঁচ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। অথচ পর্যটন শহর কক্সবাজারকে হরতালের আওতামুক্ত রাখতে রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
সৈকতে শামুক-ঝিনুক দিয়ে তৈরি পণ্য বিক্রির দোকান রয়েছে ১৬৫টি। এখন পর্যটক নেই, তাই এসব দোকানের বিক্রিও বন্ধ। সৈকত ঝিনুক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাশেম আলী জানান, হরতাল-অবরোধে ১৬৫টি দোকানের দৈনিক ÿক্ষতি হচ্ছে প্রায় ৪৬ লাখ টাকা করে। ইতিমধ্যে ৬০টির বেশি দোকান বন্ধ হয়ে গেছে। বেকার জীবন কাটাচ্ছেন দোকানের কয়েক শ কর্মচারী।
সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে চেয়ার-ছাতার ব্যবসা করে পাঁচ সদস্যের সংসার চালান বরিশালের যুবক রমিজ উদ্দিন। গত ডিসেম্বর মাসের প্রতিদিন পর্যটকদের চেয়ারে বসিয়ে তিনি আয় করেছেন ৫০০ থেকে ৮০০ টাকা। পর্যটকের উপচে পড়া ভিড়ে তখন ঠিকমতো চেয়ার বরাদ্দ দিতে পারেননি। আর এখন চেয়ারে বসার লোক নেই। সারা দিন অপেক্ষা করেও ৫০ টাকা উপার্জন করা যাচ্ছে না।
হোটেলের মালিকেরা জানান, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাস পর্যটনের ভরা মৌসুম ধরা হয়। এ সময় হরতাল-অবরোধ হলে পর্যটনশিল্পের মারাত্মক ক্ষতি হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতাল–অবরোধের সময় মহাসড়কে গণপরিবহন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করলে পর্যটকেরা সৈকত ভ্রমণে আগ্রহ দেখাতেন। এখন পর্যটন ব্যবসায় যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা পথে বসছেন।
কক্সবাজার চেম্বার অব কমার্সের সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, জেলার হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিদিনের ÿক্ষতি প্রায় ১৪ কোটি টাকা। এই হিসাবে অবরোধের গত ১৬ দিনে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ২২৪ কোটি টাকা, যা দ্রুত কাটিয়ে ওঠা অনেকের পক্ষেÿ কঠিন হবে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, হরতাল-অবরোধের মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচলে বিজিবি-পুলিশ পাহারা দিচ্ছে। পাশাপাশি কক্সবাজারে পর্যটক টানতে ফেব্রুয়ারি মাস থেকে বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এতে পর্যটকদের কম মূল্যে হোটেল থাকা-খাওয়া, বিমানে আসা-যাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।