রস+আলোর স্বঘোষিত গবেষক মাহবুব আলম এবং রাফি আদনান ভাষা হারানোর কয়েকটি মুহূর্ত খুঁজে পেয়েছেন। এ রকম পরিস্থিতিতে আপনি অবশ্যই মুখে ভাষা থাকা সত্ত্বেও সেটা হারিয়ে ফেলবেন। তবে আশার বাণী এটুকুই যে ভাষা হারিয়ে যাওয়ার পরও কোনো প্রকার হারানো বিজ্ঞপ্তি প্রচার ছাড়াই পূর্বের ভাষাগুলোকে আবার স্ব স্ব অবস্থানে ফিরে পাওয়া যায়।

* পরীক্ষার হলে আনকমন প্রশ্ন পাওয়ার পর ছাত্রছাত্রীরা উত্তরপত্রে কী লিখবে, সেটা ভেবেই ভাষা হারিয়ে ফেলে।
* নকল করে শিক্ষকের হাতে ধরা পড়ার পর ‘কেন নকল করেছ?’ এই প্রশ্ন শুনে ভাষা হারিয়ে ফেলে।
* একটা শিশু প্রথমবারের মতো কথা বলতে শুরু করলে আত্মীয়স্বজন বিস্ময়ে ভাষা হারিয়ে ফেলে।
* রাত করে বাড়ি ফেরার পর বাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাষা হারিয়ে ফেলে ছেলে।
* কোনো রকম লেখাপড়া করে কেউ এ প্লাস পেলে পরীক্ষা অনুযায়ী ফলাফলের তুলনা করে ভাষা হারিয়ে ফেলে শিক্ষার্থীরা।
* ফেসবুকে স্ট্যাটাসের সঙ্গে কমেন্টের অসামঞ্জস্য দেখে মাঝেমধ্যে ভাষা হারিয়ে ফেলি আমরা।
* রিকশা/ সিএনজিচালিত অটোরিকশাওয়ালা মাত্রাতিরিক্ত ভাড়া চাইলে ভাষা হারিয়ে ফেলি আমরা বেচারা যাত্রীরা।
* মাঝেমধ্যে রাজনীতিবিদদের কথাবার্তা শুনে ভাষা হারিয়ে ফেলে আমজনতা।
* ভাইভা বোর্ডে গিয়ে ভাষা হারিয়ে ফেলে চাকরিপ্রার্থী।
* বেকার ছেলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর ভাষা হারিয়ে ফেলে পাত্রীর বাবা।
* ক্লাসের পুরোটা সময় ঘুমিয়ে কাটানোর পর স্যার যখন আমাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, ‘এতক্ষণ কী কী পড়ালাম, একটু বলো তো!’ তখন আমরা ভাষা হারিয়ে ফেলি।
* তীব্র যানজটে বিরক্ত হয়ে বাস থেকে নেমে পড়ার পরপরই বাস ছেড়ে দিলে দুঃখে ভাষা হারিয়ে ফেলে ক্লান্ত যাত্রী।
* ভাষা হারিয়ে ফেলি ক্রাশের কাছে মনের কথা বলতে গিয়ে।
* ফেসবুকে কোনো সুন্দরী মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ভাষা হারিয়ে ফেলে তরুণসমাজ।
* টিভি চ্যানেলে নুড্লস দিয়ে পায়েস রান্নার দৃশ্য দেখে ভাষা হারিয়ে ফেলে ভোজনরসিক দর্শক।
* সেমিস্টার ফাইনালের ফল প্রকাশের পর যখন কেউ জিজ্ঞেস করে, ‘তোমার সিজিপিএ কত?’ তখন আমরা লজ্জায় ভাষা হারিয়ে ফেলি।
* যখন হঠাৎ করে শুনি, আগামীকাল ক্লাস টেস্ট, পরশু অ্যাসাইনমেন্ট, তরশু প্রেজেন্টেশন...তখন শিক্ষার্থীরা ভাষা হারিয়ে ফেলে রাগে-ক্রোধে-কষ্টে-অক্ষমতায়।
* পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন হাতে পাওয়ার পর যখন দেখা যায়, আগের রাতে গুরুত্ব না দেওয়া প্রশ্নগুলোই এসেছে, আমরা তখন ভাষা হারিয়ে ফেলি।
* টিউশনিতে গিয়ে যখন দেখা যায় ছাত্রের মা বাসায় নেই, তাই নাশতা আসবে না, তখন ভাষা হারিয়ে ফেলা ছাড়া উপায় কী!
* এক ওভারে চার রান দরকার, হাতে আছে দুই উইকেট। সেই ম্যাচটাই যখন হেরে বসি আমরা, তখন ভাষা হারিয়ে ফেলে পুরো জাতি।
* পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হিন্দি গানের বদলে বাংলা গান শোনা গেলে আমরা ভাষা হারিয়ে ফেলি আবেগে।
* বাংলাদেশের খেলা দেখতে বসলে মা এসে রিমোট চাইলে ভাষা হারিয়ে ফেলি আমরা ক্রিকেটভক্তরা।
* আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানারে যখন কেউ বীরশ্রেষ্ঠদের ছবি ব্যবহার করে তখন ভাষা হারিয়ে ফেলি।