কখন কী কাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুলের আগা ফাটা রুখতে নির্দিষ্ট সময় পর আগা ছাঁটুন। মডেল: রুশি, ছবি: নকশা
চুলের আগা ফাটা রুখতে নির্দিষ্ট সময় পর আগা ছাঁটুন। মডেল: রুশি, ছবি: নকশা

এই যাহ্! কাজের চাপে খেয়ালই করা হয়নি চুলের আগা ফেটে চৌচির। হাতের এক আঙুলের নখও তো ভেঙে গিয়েছে। ভ্রু দুটোরও আকার দিতে হবে। আর হাত-পায়ের অবাঞ্ছিত লোমগুলো দূর না করলেই নয়। চুলের আগা, বাড়তি নখ, ভ্রুর বাড়তি লোম আর দেহের অবাঞ্ছিত লোম নিয়মিত কেটে বা ফেলে দিতে হয়। তাহলে এগুলোর যেমন যত্নও হবে, তেমন পরিপাটিও লাগবে নিজেকে। জেনে নিন কখন আর কীভাবে করবেন।
চুল
কেউ পছন্দ করেন বড় দৈর্ঘ্যের চুল, কেউবা ছোট। যার যার চেহারার সঙ্গে মানানসই চুলের কাট দিতে হয়। তবে হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বললেন, আগা ফাটা দেখলেই চুল কাটতে হবে। ভালো হয় দুই মাস পরপর ছেঁটে রাখলে। তা না হলে আগা ফাটতে থাকলে চুলের পুষ্টি কমে রুক্ষ হয়ে যায়।
নখ
যাঁরা একটু বড় নখ রাখতে পছন্দ করেন, তাঁদের জন্যও রাহিমা দিলেন টিপস। যাঁদের নখ শক্ত বা স্বাভাবিক, তাঁরা দুই মাস পরপর নখের বাড়তি অংশ কেটে আঙুলের সঙ্গে মানানসই আকার দেবেন। কিন্তু যাঁদের নখ পাতলা, সহজেই ভেঙে যায়, তাঁদের নখ খুব একটা বড় না রাখাই ভালো। নখ ভেঙে গেলে ফাইল দিয়ে নিয়মিত ফাইল করে রাখতে হবে। পাশাপাশি খেতে হবে ক্যালসিয়ামযুক্ত খাবার। যেমন, দুধ ও লেবুর খোসার সাদা অংশ। নেইলপলিশ ওঠাতে নখের ওপর ধাতব কোনো কিছু দিয়ে ঘষলে নখ নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে নেইলপলিশ রিমুভার ব্যবহার করাই ভালো। রিমুভার ব্যবহারের পর বাফার দিয়ে ঘষে নিলে নখ উজ্জ্বল দেখাবে। নখের ময়লা পরিষ্কার করতে কুসুম গরম পানিতে শ্যাম্পু ও লবণ মিশিয়ে নখ কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে। তারপর বাঁশের স্টিক বা পুশার দিয়ে নখের ময়লা পরিষ্কার করে নিতে হবে। শুকনা নখ পরিষ্কার করতে গেলে নখে কুনি উঠতে পারে বা আঙুল ফুলে ব্যথা করতে পারে।

ভ্রু
চেহারার সঙ্গে মানিয়ে নেয় এমনভাবেই ভ্রুর আকৃতি দিতে বললেন রাহিমা। ভ্রু তুলতে সুতা দিয়ে থ্রেডিংও করতে পারেন অথবা টুইজার দিয়েও তুলতে পারেন। সব সময় পারলারে যাওয়ার প্রয়োজন নেই। খুব ছোট ছোট ভ্রু তুলতে টুইজার ব্যবহার করতে পারেন। তবে খুব সাবধানে। কারণ, ভ্রুর নিচের পাতলা চামড়ায় হালকা আঁচড় লাগলেও কেটে যেতে পারে। ভ্রু ঘন ও কালো দেখানোর জন্য মাসকারা ব্যবহার করতে পারেন।

অবাঞ্ছিত লোম
মুখের অবাঞ্ছিত লোম তুলতে থ্রেডিং করতে পারেন। তবে কিছুতেই হেয়ার রিমুভার ক্রিম বা মেশিন ব্যবহার করা যাবে না। মুখের স্পর্শকাতর ত্বকের জন্য তা ক্ষতিকর। তবে শরীরের অন্যান্য স্থানে ভালো ব্র্যান্ডের হেয়ার রিমুভার ব্যবহার করা যাবে বলে জানালেন রাহিমা। এ ছাড়া ওয়্যাক্স করতে পারেন ঘরে বসেই। এক কাপ চিনি চুলায় ফুটিয়ে তাতে এক কাপ লেবুর রস মিশিয়ে দিন। আঠা আঠা হয়ে এলে মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিন। চাইলে সামান্য গ্লিসারিনও মেশাতে পারেন। অবাঞ্ছিত লোমে মিশ্রণটি লাগিয়ে এর ওপর মার্কিন কাপড় চেপে ধরুন। তারপর উল্টো দিকে টান দিলে কাপড়ের সঙ্গে লোম উঠে আসবে। মাসে একবার এভাবে ওয়্যাক্স করতে পরামর্শ দিলেন রাহিমা।
লেজার মেডিকেল সেন্টার লিমিটেডের ত্বকবিশেষজ্ঞ চিকিৎসক জাহানারা ফেরদৌস খান জানালেন অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে দূর করতে লেজার চিকিৎসাও করা যায়। দেহের অন্যান্য স্থান ছাড়াও মুখে ফেশিয়াল হেয়ার রিমুভাল পদ্ধতি ব্যবহার করা হয়। তবে ভ্রু অনেক স্পর্শকাতর জায়গায় হওয়ায় এর জন্য লেজার চিকিৎসা করা হয় না বলে জানালেন জাহানারা।
এদিকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগবিশেষজ্ঞ অধ্যাপক আফজালুল করিম বললেন, যাদের ত্বক শুষ্ক তাদের ওয়্যাক্সিং কম করা বা না করাই ভালো। যদি ত্বক লাল হয়ে যায় বা অ্যালার্জি হয়, তবে ওয়্যাক্সিং করা যাবে না। এমন ত্বকে বারবার ওয়্যাক্সিং করলে অ্যালার্জি বাড়তে থাকবে।