কখন কেমন ব্যাগ
অফিসে না হয় নিলেন সবকিছু এঁটে যায় এমন ঢাউস একটা ব্যাগ। অফিস শেষে পার্টিতে কি তা মানাবে? বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় হাতে নিলেন বড় একটা রংচঙে কাপড়ের ব্যাগ। একই ব্যাগ নিয়ে কি চাকরির সাক্ষাৎকার দিতেও যাওয়া যাবে? বিয়েবাড়ির জমকালো সাজের সঙ্গে চমৎকার মানিয়ে যাচ্ছে পুঁতি বসানো ক্লাচ ব্যাগটা। জিন্স টি-শার্টের সঙ্গেও কি সেটা নেওয়া চলে? কখন কেমন ব্যাগ ব্যবহার করবেন, সেটা বোঝা তাই গুরুত্বপূর্ণ। জাকিয়ার কথাই ধরুন না। কাজ করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। অফিসে ব্যবহারের জন্য তাঁর একটু বড় সাইজের ব্যাগই দরকার। সারা দিন ব্যবহারের টুকিটাকি জিনিসগুলো রাখতে হয় ব্যাগেই। আবার অফিস শেষেই যদি থাকে কোনো অনুষ্ঠান, তা হলে সেদিন পোশাকটার সঙ্গে মিলিয়ে একটু ছোট সাইজের পার্টি ব্যাগই তাঁর পছন্দের তালিকার শীর্ষে। সেটা হয়তো বড় ব্যাগের ভেতরেই নিয়ে বের হন। পার্টির সময় বের করে হাতে নেন।মেঘলা পড়াশোনার পাশাপাশি কাজ করছেন মডেল হিসেবে। পশ্চিমা ধাঁচের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এসব পোশাকের সঙ্গে মিলিয়ে তাই হাতব্যাগটাও হতে হবে মানানসই। এসব পোশাকের সঙ্গে তিনি নিতে পছন্দ করেন চামড়ার ব্যাগ। সেই ব্যাগ তো সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। কৃত্রিম চামড়ার ব্যাগের চলটাও এখন বেশি বলেই মনে করেন মেঘলা। আবার যদি যেতে হয় কোনো পার্টিতে, তা হলে পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছোট পার্টি ব্যাগই বেশি পছন্দ তাঁর। সুচি পড়েন বিশ্ববিদ্যালয়ে। দিনভর ক্লাসের জন্য তাঁকে বইতে হয় বেশ কিছু বই-খাতা ও ল্যাপটপ। তাই নিজের বয়স ও প্রয়োজনের সমন্বয় করে তাঁর পছন্দ একটু বড় আকারের ব্যাগ। তা সেটা কাপড়ের, চামড়ার বা পাটের—যেটিরই তৈরি হোক না কেন।এ নিয়ে কথা হয় ফ্যাশন ডিজাইনার মাহিন খানের সঙ্গে। তিনি জানান, ব্যাগ এমন হতে হবে, যেন তা ব্যক্তিত্বকে প্রকাশ করে। এখন সবার পছন্দের ব্যাগ মনে হয় বহুমুখী (মাল্টিপারপাস) ব্যাগগুলোই। এগুলোতে থাকে অনেক পকেট। ফলে সহজেই সবকিছু রাখা যায়। ব্যাগের রঙের ক্ষেত্রে দেখা যায় যে আগে বাদামি ও কালো রঙের ব্যাগই বেশি চলত আর এখন সবাই উজ্জ্বল রঙের ব্যাগগুলোই বেশি ব্যবহার করেন। চাইলে কেউ পোশাকের বিপরীত রঙের মানানসই ব্যাগ ব্যবহার করতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যবহার করতে পারেন পাট বা কাপড়ের ব্যাগ। কিন্তু অফিসে সেটা এড়িয়ে চলাই ভালো। অফিসে আপনার ব্যাগ কেমন হবে, সেটা আপনার ব্যক্তিত্ব ও পোশাকের ওপর নির্ভর করে। চাইলে হালকা রঙের পোশাকের সঙ্গে উজ্জ্বল রঙের ব্যাগ, আবার উজ্জ্বল পোশাকের সঙ্গে হালকা রঙের ব্যাগও ব্যবহার করতে পারেন। একটু আলাদা গড়নের এবং উজ্জ্বল রঙের চমকদার ব্যাগ ব্যবহার করেও নজর কাড়তে পারেন সবার। বেশি কারুকাজ করা ব্যাগগুলো দিনে না নেওয়াই ভালো। জমকালো কোনো পোশাকের সঙ্গে হালকা কাজের ব্যাগ ব্যবহার করলেই বেশি আকর্ষণীয় লাগবে। তবে কোনো পার্টিতে যদি যেতে হয়, তা হলে জমকালো কাজের ক্লাচ ব্যাগ ব্যবহার করতে পারেন অনায়াসে। এতে করে পার্টি লুকটা আসবে। তবে খেয়াল রাখবেন, যে ব্যাগটাই ব্যবহার করেন না কেন, তাতে যেন একটা মার্জিত ভাব আসে আপনার সৌন্দর্যে। পারলে সপ্তাহে এক দিন ব্যাগ পরিবর্তন করার চেষ্টা করুন। দেখবেন আপনার সাজেও বৈচিত্র্য চলে এসেছে।নানা রকম ব্যাগ পাবেন ঢাকার বসুন্ধরা সিটি, নিউমার্কেট, আড়ংসহ অন্যান্য শপিং কমপ্লেক্সে। চামড়ার ব্যাগ পাবেন ৫০০-২০০০ টাকার মধ্যে। আর কাপড়ের ব্যাগ কিনতে পারবেন ৩০০-৮০০ টাকার মধ্যে। পাটের ব্যাগের দাম পড়বে ২৫০ থেকে ১০০০ টাকা। ক্লাচ ব্যাগ কিনতে আপনাকে দাম দিতে হবে ২৫০ থেকে ১০০০ টাকা।