কখন ঘর ভেঙে নিয়ে যায় নদী!
‘রাতিয়া ঘুম ভাঙ্গিলে আর ঘুম ন ধরে, মনত ডর লাগে খালত যাইয়্যুমগইনি হনঅ’ (রাতে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, ভয় হয় নদী কখন ঘর ভেঙে নিয়ে যায়)। আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের শঙ্খের ভাঙনকবলিত এলাকা ভরাচরের বাসিন্দা আবদুর রহমান। শঙ্খের ভাঙনে এ গ্রামের বহু বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। নদীভাঙনের কথা জানতে চাইলে এভাইে নিজের আশঙ্কার কথা জানান তিনি।বেড়িবাঁঁধের বাইরে একেবারে শঙ্খের পারেই ভরাচর গ্রাম। প্রতিবছর শঙ্খের কবলে পড়ে ছোট হয়ে যাচ্ছে গ্রামটি। গ্রামের বাসিন্দা পাঁচ হাজার মানুষ। ভোটারের সংখ্যা ৭৮৪। ভরাচরের নদীভাঙনে ঘর হারিয়েছেন মনোয়ার হোসেন। তিনি জানান, গত এক বছরে গ্রামের ২০টির বেশি ঘর নদীগর্ভে চলে গেছে। এ বর্ষায় আরও বহু ঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। মনোয়ার শঙ্খের ভাঙন থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে বেড়িবাঁধে বসবাস করছেন বলে জানালেন। সরেজমিনে দেখা গেছে, বিদ্যুতের সংযোগহীন এই গ্রামে কোনো পাকা সড়ক নেই। বাঁধের স্লুইসগেটটিও হুমকির মুখে। বর্ষা মৌসুমে ঘরবাড়ি ও আবাদি জমি কীভাবে রক্ষা করবেন গ্রামবাসী এখন সেটাই ভাবছেন।জানা গেছে, বরুমচড়া কানুমাঝির হাট থেকে জুঁইদন্ডী ইউনিয়নের খুরুশকুল পর্যন্ত শঙ্খের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। ভাঙন ঠেকানোর উদ্যোগ না নেওয়ায় ভরাচরসহ শঙ্খ তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন আতঙ্কে আছেন।এদিকে, গত কয়েক বছরের ভাঙনে ভরাচর গ্রামের স্লুইসগেটটিও ভাঙনের মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে স্লুইসগেট নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে গ্রামটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে বাসিন্দারা জানান।সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড ২০১১-১২ অর্থবছরে ৭৩ লাখ টাকা ব্যয়ে ভরাচরের পাশে গোদারগোড়া এলাকায় সিসি ব্লক বসায়। কিন্তু এর পরও ভাঙন বন্ধ হয়নি। স্লুইসগেটটিও রক্ষায় কোনো উদ্যেগ নেওয়া হয়নি। বর্তমানে এটির অংশবিশেষ ক্ষতির শিকার হয়েছে।ভরাচরের বাসিন্দা আবদুল হাকিম ও ছৈয়দ নুর সওদাগর জানান, ‘আমাদের গ্রামটি চির অবহেলিত। এটি রক্ষার যেন কেউ নেই। আমরা ভরাচরকে রক্ষার আবেদন জানাচ্ছি।’ স্থানীয় মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জরুরি ভিত্তিতে ভরাচর রক্ষার জন্য বিভিন্ন মহলে যোগাযোগ করা হয়েছে।’ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আফতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ক্রমান্বয়ে আনোয়ারা উপকূলের ভাঙনরোধে কাজ করা হবে।’