কখনোই নিজের কাজ থামিয়ে রাখিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলপনা চাকমা l ছবি: সুমন ইউসুফ
আলপনা চাকমা l ছবি: সুমন ইউসুফ

‘ছোটবেলা থেকেই বাড়িতে সংস্কৃতির চর্চা ছিল। মা গান গাইতে ভালোবাসতেন আর বাবা ভালোবাসতেন শুনতে। এ ছাড়া আমাদের ভাইবোনদের পড়াশোনার বিষয়েও বেশ যত্নশীল ছিলেন মা-বাবা। প্রত্যেক ভাইবোনই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, তা নিয়ে বেশ সচেতন ছিলেন তাঁরা।’ কথাগুলো বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতি আলপনা চাকমার। গত ৩০ আগস্ট রাজধানীতে স্থাপত্য অধিদপ্তরের কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে।
আলপনা চাকমার বাবা সুশীল জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্কুল অব এগ্রিকালচার থেকে পড়াশোনা সম্পন্ন করেন। আর তাঁর এই মেয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে হয়েছেন প্রথম স্থপতি। আলপনা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেন।
স্কুল-কলেজের গণ্ডি পেরিয়েছেন রাঙামাটিতেই। ১৯৭৪ সালে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন আলপনা চাকমা। বাবার ইচ্ছা ছিল মেয়েকে ডাক্তারি পড়াবেন। কিন্তু আলপনার বড় ভাই সুজিত চাকমা ছিলেন বুয়েটের তড়িৎ কৌশলের ছাত্র। তিনিই মা-বাবাকে রাজি করিয়ে ছোট বোনকে বুয়েটে পড়াতে ঢাকায় নিয়ে আসেন। এরপর বুয়েটে স্থাপত্যবিদ্যায় ভর্তির সুযোগ পেলেন আলপনা চাকমা।
বুয়েটে পড়ার সময় আলপনা থাকতেন আবাসিক হলে। পরিবারকে ছেড়ে ভিন্ন একটা পরিবেশে মানিয়ে নেওয়ার সেই অভিজ্ঞতা এখনো প্রেরণা জোগায় তাঁকে। ‘আসলে আমি যে চাকমা সম্প্রদায়ের একজন মেয়ে, এটা কখনোই রুমমেটরা বুঝতে দেয়নি। সমানভাবে ক্লাসের পড়াশোনাতেও সহযোগিতা করত সহপাঠীরা।’ ১৯৮৪ সালে স্নাতক সম্পন্ন করেন। পরীক্ষার ফল বের হওয়ার পরপরই একদিন স্থাপত্য অধিদপ্তরে চাকরির খোঁজে যান। তৎকালীন প্রধান স্থপতি শাহ আলম জহিরুদ্দিন জানান কোনোভাবেই একটা চাকরি জোগাড় করতে না পারলে ঢাকায় থাকা সম্ভব হবে না তাঁর। তখন ওসমানী স্মৃতি মিলনায়তনের নির্মাণকাজ চলছিল। প্রধান স্থপতি তাঁকে সেই প্রকল্পে চুক্তিভিত্তিক কাজ করার সুযোগ দেন। এর মধ্যেই ১৯৮৫ সালে স্থপতি মুশতাক কাদরীকে বিয়ে করেন আলপনা। আগে থেকেই চেনাজানা ছিল তাঁদের। ১৯৮৭ সালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন স্থাপত্য অধিদপ্তরে।
স্থাপত্য অধিদপ্তরে সহকারী স্থপতি হিসেবে পেশাজীবন শুরু করেন আলপনা চাকমা। বললেন, ‘এর মধ্যে আমার দুই ছেলের জন্ম হয়। সেই সময় সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত ছিল সরকারি অফিসের সময়সূচি। আমার স্বামীর নিজের ফার্ম ছিল। দেখা যেত সকালের দিকে যে সময়টা আমি অফিসে থাকতাম, সেই সময়টা বাচ্চাদের দেখাশোনা করত সে। স্বামীর সহযোগিতার কারণে সন্তান, সংসার সামলে কখনোই কাজটাকে খুব কঠিন মনে হয়নি।’ আলপনা চাকমার দুই সন্তান। বড় ছেলে অর্ণব কাদরী ব্যারিস্টার আর ছোট ছেলে বর্ষণ কাদরী পড়াশোনা করছেন ব্যবসায় প্রশাসনে। দুজনই থাকেন কানাডায়।
আলপনা চাকমা মনে করেন, মেয়েরা যে পেশাতেই থাকুক না কেন, তার সফলতার জন্য পরিবারের সহযোগিতা একান্তই প্রয়োজন। ১০ বছর সহকারী স্থপতি পদে ছিলেন তিনি। এরপর সহকারী প্রধান স্থপতি ও উপপ্রধান স্থপতির দায়িত্ব পালন করেন। চলতি বছরের এপ্রিলে অতিরিক্ত প্রধান স্থপতি হিসেবে পদোন্নতি হয় তাঁর।
আলপনা চাকমা নিজের কাজ ও সংসার দুটোকেই প্রাধান্য দিয়েছেন। প্রচারের আলোতেও আসেননি তেমন। বর্তমানে স্থপতি হিসেবে মেয়েদের কাজের সুযোগ অনেক বেশি, যেটা আলপনাদের সময় ছিল না। কর্মক্ষেত্রের নানা প্রতিকূলতা পেরিয়ে এত দূর পর্যন্ত এসেছেন। বললেন, ‘আমি যে একটা ভিন্ন গোষ্ঠীর মানুষ, এটা মাঝে মাঝে অনুধাবন করতাম। আবার নারী হওয়ার কারণেও অনেক সময় কাজের দায়িত্ব দিতে দ্বিধা করতেন অনেকে। তবে কখনোই নিজের কাজ থামিয়ে রাখিনি।’
কাজটাকে ভালোবেসেছেন ও আপ্রাণ পরিশ্রম করেছেন—তাই আলপনা চাকমা নিজের যোগ্যতায় পেয়েছেন সাফল্য।