তাঁর প্রকৃত নাম স্যামুয়েল ক্লিমেন্স। কিন্তু হাস্যরসমূলক লেখালেখির জন্য বিশ্বখ্যাতি তাঁর মার্ক টোয়েন নামে। মার্ক টোয়েন কখনো স্কুলে যাননি। কিন্তু লেখালেখির জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পেয়েছিলেন সম্মানসূক ডি. লিট ডিগ্রি। তাঁর সব লেখাই কৌতুক করে লেখা। অনেক মজার মানুষ ছিলেন মার্ক টোয়েন। আজ ২১ এপ্রিল তাঁর শততম মৃত্যুবার্ষিকী। রসাল-কৌতুককর লেখার জন্য আজও তিনি বেঁচে আছেন বিশ্বমানবের মনের মধ্যে। ফ্লোরিডার মিসৌরিতে মার্ক টোয়েনের জন্ম ৩০ নভেম্বর, ১৮৩৫ সালে। মিসিসিপি নদী ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মার্ক টোয়েনের আসল স্কুল, সত্যিকারের শ্রেণীকক্ষ। মিসিসিপির জলের মুখচ্ছবিতে মার্ক টোয়েন লিখেছেন, ‘ছিল একটা বই। অন্ধ-অশিক্ষিত মানুষের কাছে যার ভাষা মৃত ও অর্থহীন। কিন্তু মিসিসিপি আমার কাছে একটা খোলা বই।’ মূলত মিসিসিপি নদীই তাঁকে গড়ে তুলেছিল চিরসফল, চিরস্মরণীয়, বরেণ্য এক সুরসিক লেখক আর সত্যিকারের এক মানুষ হিসেবে।মার্ক টোয়েন বিয়ে করেন ১৮৭০ সালে। স্ত্রী ওলিভিয়া। তিন মেয়ে আর এক ছেলে ছিল তাঁদের। বড় মেয়ে সুসি ১৩ বছর বয়সে বাবাকে নিয়ে লিখেছিল, ‘অসাধারণ সুন্দর! শুধু দাঁতগুলো অত সুন্দর নয়। তাঁর মুখখানা উজ্জ্বল। অবশ্য মুখে কোনো দাঁড়ি নেই। খুব মজার মানুষ তিনি।’ বাবার অভ্যাস সম্পর্কে সেই বায়োগ্রাফিতে সুসি লিখেছে, ‘তিনি যখন ক্লান্ত হয়ে পড়তেন এবং বিশ্রাম নিতে ইচ্ছে হতো তাঁর, তখন তিনি পুরো রাত দাঁড়িয়ে থাকতেন আর লিখতেন।’ সারা রাত ধরে কী লিখতেন তিনি? মার্ক টোয়েন বলেন, ‘বই লেখাই ছিল আমার সবচেয়ে প্রিয় খেলা। লেখালেখি আমার কাছে কখনোই কাজ বলে মনে হয়নি।’ মার্ক টোয়েনের কিছু মজার কথাঅঘোরে ঘুম অথচ মুখে জ্বলন্ত সিগারেট: মার্ক টোয়েন সিগারেট খেতেন বিরতিহীনভাবে। স্ত্রী অলিভিয়া ও অন্যান্য অনেক বন্ধুর তিক্ততার উৎস হয়েছিল তাঁর সিগারেট খাওয়া। ঔপন্যাসিক দিন হাওয়েল্স একবার বলেছিলেন, ‘যে কদিন তিনি (টোয়েন) আমাদের সঙ্গে থাকতেন, বাড়িজুড়ে শুধু ধোঁয়া আর ধোঁয়া। কারণ তিনি সকালের নাশতা থেকে রাতে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত সিগারেট খেতেন। এমনকি বিছানায়ও যেতেন মুখে সিগারেট নিয়ে। মাঝে মাঝে দেখা যেত, তিনি অঘোরে ঘুমোচ্ছেন কিন্তু তাঁর মুখে তখনো জ্বলন্ত সিগারেট!’ এই অভিযোগের বিপরীতে মার্ক টোয়েন বলেছিলেন, ‘এখন থেকে সিগারেট খেতে সংযমী হব।’ কী রকম সংযম? ‘মাত্র একটা সিগারেট, একটা মুহূর্তে!’২. মার্ক টোয়েনের বক্তৃতা: একবার মার্ক টোয়েন একটা শহরে গেছেন বক্তৃতা করতে। বক্তৃতার আগে শেভ করতে গেলেন একটা সেলুনে। ‘এই প্রথম এখানে এসেছি’—মার্ক টোয়েনের এ কথা শুনে নাপিত বলল, ‘ভালো সময়ে এসেছেন। আজ রাতে এখানে মার্ক টোয়েন বক্তৃতা করবেন। মনে হয় আপনিও যাবেন?’ ‘সে রকমই ভাবছি’—বললেন টোয়েন। ‘কিন্তু টিকিট কেটেছেন কি?’ টোয়েন বললেন, ‘না।’ ‘এখন তো সব টিকিটই বিক্রি হয়ে গেছে। আপনাকে দাঁড়িয়েই থাকতে হবে।’ নাপিতের এই কথা শুনে মার্ক টোয়েন একটু হেসে বললেন, ‘এটা আমার ভাগ্য। মার্ক টোয়েন বক্তৃতা করলে আমাকে দাঁড়িয়েই থাকতে হয়।’৩. ভদ্রতার খাতিরে দুবার; কিন্তু মিথ্যা কথা তিনবার না: একবার তাঁর বন্ধু হেনরি আরভিং মার্ক টোয়েনকে একটা হাসির গল্প শোনাচ্ছিলেন। গল্পের একপর্যায়ে হেনরি থেমে গিয়ে টোয়েনকে জিজ্ঞেস করলেন, ‘আমার ধারণা, এই গল্পটা তুমি শোনোনি। শুনেছ কি?’ টোয়েন তাঁকে নিশ্চিত করলেন, ‘না।’ কিছুক্ষণ পর আবার থেমে হেনরি একই প্রশ্ন করলেন। টোয়েন পুনরায় বললেন, ‘না।’ কিন্তু গল্পটা শেষ হওয়ার আগে আরেকবার থামলেন হেনরি। এবং সেই একই প্রশ্ন, ‘তুমি শতভাগ নিশ্চিত যে এই গল্পটা জানতে না?’ ‘দেখ, আমি একবার মিথ্যা বলতে পারি,’ মার্ক টোয়েন বলছেন, ‘ভদ্রতার খাতিরে দুবার মিথ্যা বলতে পারি, কিন্তু আমি কখনোই তিনবার মিথ্যা বলতে পারি না।’ তার মানে? ‘মানে গল্পটা আমি শুধু শুনেছি তা নয়,’ মার্ক টোয়েন মৃদুস্বরে বললেন, ‘গল্পটা বানিয়েছি আমি নিজেই!’৪. আরও আগে বিয়ে না করে বোকামি করেছি: মার্ক টোয়েন বিয়ে করেছিলেন পঁয়ত্রিশ বছর বয়সে। বিয়ের দুই সপ্তাহ পর এক বন্ধুকে মার্ক টোয়েন লিখলেন, ‘বিয়ের পরবর্তী জীবনটা যদি এমন সুখে-শান্তিতে কাটে, যেভাবে আমার কাটছে। তাহলে বলতে হয়, আমি জীবন থেকে ত্রিশটা বছর বোকামি করে নষ্ট করেছি আগে বিয়ে না করে! যদি আবার কোনো জীবন থাকে, তবে সেই জীবনে আমি বিয়ে করব একেবারে বাল্যকালে!’৫. মার্ক টোয়েনের বিছানা: মার্ক টোয়েন বিছানায় শুয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এ রকম একদিন তিনি বিছানায় শুয়ে লেখালেখি করছেন, এমন সময় তাঁর স্ত্রী এসে বললেন, ‘তোমার সাক্ষাৎকার নেওয়ার জন্য বাইরে একজন সাংবাদিক অপেক্ষা করছেন।’ কিন্তু মার্ক টোয়েন বিছানা ছেড়ে উঠলেন না। তাঁর স্ত্রী বললেন, ‘কী ব্যাপার, ওঠো! তোমাকে বিছানায় দেখলে লোকটা তো বিরক্ত বোধ করবে।’ ‘সমস্যা কী?’ মার্ক টোয়েন বললেন, ‘আমাদের আরেকটা বিছানা আছে না? সেটাই না হয় তার জন্য ছেড়ে দেব!’ হ্যাঁ, বিছানায় বসে নির্ঘুম সারা রাত লেখালেখি করেই এত বিশ্বখ্যাতি।মার্ক টোয়েনের জন্ম হয়েছিল যে বছর, সেবার পৃথিবীর আকাশে আবির্ভাব হয়েছিল হ্যালির ধূমকেতুর। ১৯০৯ সালে কোনো এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘আমি হ্যালির ধূমকেতুর সঙ্গে এসেছি ১৮৩৫ সালে। সে আসে ৭৫ বছর পর পর। আগামী বছর (১৯১০) সে আবার আসবে এই পৃথিবীর আকাশে। আমি তার সঙ্গেই চলে যেতে চাই। যদি যেতে না পারি, তবে সেটা হবে খুবই কষ্টকর। অবশ্য পরমেশ্বর বলেছে, মার্ক টোয়েন আর হ্যালির ধূমকেতু হলো ব্যাখ্যাতীত বিস্ময়। ওরা একসঙ্গে এসেছে, ওদের যেতেও হবে একই সঙ্গে!’২১ এপ্রিল ১৯১০। যখন পৃথিবীর আকাশে আরেকবার দেখা গেল হ্যালির ধূমকেতু। সেই সঙ্গে, অবশেষে হার্ট অ্যাটাকে চিরনিদ্রায় সেদিনই শুয়ে পড়লেন মার্ক টোয়েন! সত্যিই মার্ক টোয়েন আর হ্যালির ধূমকেতু যেন ব্যাখ্যাতীত বিস্ময়।