কখনো হাল ছেড় না

স ফ ল দে র স্ব প্ন গা থা: জোসেফ আজম একজন কানাডিয়ান ব্যবসায়ী ও উদ্যোক্তা। কনকরডিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। তিনি ‘ডিজাইন শপ’ নামের একটি বিখ্যাত মার্কেটিং ও ডিজাইন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক
সবাই আজ আমাকে দ্রুত বিকাশমান, সফল একটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে চেনে। কিন্তু তারা জানে না, সাফল্যের পেছনে আমার গল্পটি কী, আমি কোথা থেকে উঠে এসেছি এবং সফল হতে কী দরকার।
আমার গল্পের শুরুটা পৃথিবীর সাধারণ মানুষের মতোই, যারা দারিদ্র্যের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে। কিন্তু আমার ক্ষেত্রে তা একটু ভিন্ন ছিল। কারণ, আমি বড় হয়েছি একটি অভিজাত এলাকায়, কিন্তু দরিদ্র পরিবারে। পৃথিবীতে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। যখন আপনি দেখবেন আপনার চারপাশের মানুষের সবই আছে, কিন্তু আপনার নেই। কারণ, আপনি দরিদ্র। এটা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আপনার কী কী নেই। যখন কেউ এমন জায়গায় বড় হয়, যেখানে সবাই দরিদ্র, তার পৃথিবীকে কষ্টদায়ক মনে হবে না। কিন্তু কেউ যখন এমন অভিজাত এলাকায় বড় হয়, যেখানে সবারই তার চেয়ে অনেক বেশি আছে, নিজের না থাকাটা তাকে অনেক কষ্ট দেয়। আমি জানতাম, আমার মা-বাবার সবার মতো টাকা ছিল না। আমি বুঝতাম, আমার কী কী নেই। কিন্তু আমি এও বুঝতাম, আমি কী কী চাই এবং ছোটবেলা থেকে আমি শপথ করেছিলাম, আমি যে স্বপ্ন দেখছি, তার প্রতিটি আমি পূরণ করব।
আমার মা-বাবাকে অসম্ভব পরিশ্রম করতে দেখে আমি সফল হওয়ার অনুপ্রেরণা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে আমার অন্যদের মতো টাকা ছিল না; যাদের বাবা-মা তাদের লেখাপড়ার খরচ চালাতেন, যাদের দামি গাড়ি ছিল এবং...। নিজের খরচ চালাতে আমাকে তিনটি চাকরি করতে হতো। একসময় আমি গ্র্যাজুয়েট হলাম এবং এখনো আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাকে সেসব কষ্টকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। কারণ, সেগুলোই একজন ব্যক্তি হিসেবে আমাকে পরিণত করেছে।
আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে আপনার স্বপ্নপূরণের জন্য। যখন আপনি সফল হবেন, কিছু মানুষ আপনাকে বলবে, আপনি ভাগ্যবান। আসলে এসব মানুষ জানে না, তারা কী নিয়ে কথা বলছে এবং তারা কখনোই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। কারণ, সাফল্যের সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। আমি যদি সত্যিকার অর্থে ভাগ্যবান হতাম, আমি এতবার মুখ থুবড়ে পড়তাম না, এতবার ব্যর্থ হতাম না, আমাকে এতগুলো রাত নির্ঘুম কাটাতে হতো না।
ধৈর্য সাফল্যের চাবি। যখন আপনি আসলেই সফল হবেন, মানুষ খুব সহজেই বিচার করার চেষ্টা করবে—কেন আপনি সফল হলেন? আমি জানি, আমি কী করতে পারি, কী করব এবং আমি কোথায় যেতে চাই। কোনো কিছুই আমাকে আমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমি নিজেকে প্রশ্ন করি, আমি আর কী অর্জন করতে চাই? ছোটবেলার মতো উত্তরটা এখনো একই—আমি কিংবদন্তি হতে চাই। অনেক মানুষের চোখেই আমি সফল একজন, কিন্তু আমার নিজের কাছে—এখানেই সব শেষ নয়। আমাকে কিংবদন্তি হতে হবে, এটাই আমার জীবনের গল্প, এটাই অতীতে আমাকে অনুপ্রেরণা দিয়েছে, ভবিষ্যতেও এটাই আমাকে পথ দেখাবে।
আমি কখনো হাল ছেড়ে দেব না, কখনো না, কোথাও না। কাউকে আমি আমার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে দেব না, কেউ আমাকে লক্ষ্যে পৌঁছানোর মানসিকতা থেকে সরাতে পারবে না—এটাই আমার সফল হওয়ার গল্প।
সূত্র: ওয়েবসাইট, ইংরেজি থেকে অনুবাদ: মনীষ দাশ